Last updated: September 21st, 2026 at 09:04 pm

নিউজ ডেস্ক : এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে ভারতের জন্য এল আরও একটি পদক। তবে সুচিকা তারিয়ালের পদকটি শুটিংয়ে নয়, মিক্সড মার্শাল আর্টস বা MMA-তে। মহিলাদের ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করলেন তিনি।
রবিবার কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন সুচিকা। সেই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়েছিল ভারতের একটি পদক।
সোমবার সেমিফাইনালে সিঙ্গাপুরের হুই হুন তেও-র মুখোমুখি হন ভারতীয় প্রতিযোগী। লড়াইটি ড্রয়ে শেষ হলেও নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ফাইনালে ওঠা হয়নি সুচিকার। তবে সেমিফাইনালের পরাজিত দুই প্রতিযোগী ব্রোঞ্জ পাওয়ায় তাঁর পদক নিশ্চিত হয়।
এই সাফল্যের মাধ্যমে এশিয়ান গেমসের ইতিহাসে MMA-তে ভারতের প্রথম পদক এল সুচিকা তারিয়ালের হাত ধরে। ৩৬ বছর বয়সি এই ভারতীয় ক্রীড়াবিদ জুডো, জিউ-জিৎসু এবং কুরাশেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেও শুটিংয়ে ভারতের পদক অভিযান অব্যাহত রয়েছে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে ভারত রুপো জিতেছে, আর ব্যক্তিগত ইভেন্টেও রুদ্রাঙ্ক্ষ পাটিল ও হিমাংশু ধিলোঁ পদক নিশ্চিত করেছেন।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments