Last updated: October 1st, 2026 at 08:01 pm

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈষ্ণব তীর্থক্ষেত্র মায়াপুরকে আরও আধুনিক ও বিশ্বমানের পর্যটন ও তীর্থকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী প্রশাসন। এই লক্ষ্যেই শনিবার মায়াপুরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। ইসকনের লোটাস ভবনে আয়োজিত ওই বৈঠকে যোগ দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী, নদিয়ার জেলাশাসক, কেএমডিএ-র সিইও নিতিন সিংহানিয়া-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।
বৈঠকে মায়াপুর ও সংলগ্ন এলাকার পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, ইসকন মন্দির সংলগ্ন প্রায় ৭০০ থেকে ৮০০ একর জমি এবং তার পার্শ্ববর্তী এলাকাকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থী ও পর্যটকদের কথা মাথায় রেখে গড়ে তোলা হবে উন্নত পরিকাঠামো।
মন্ত্রী জানান, মায়াপুরের উন্নয়ন পরিকল্পনায় আধুনিক শহরের মতো পরিষেবা এবং পর্যটনকেন্দ্রিক পরিকাঠামোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কলকাতার কলেজ স্ট্রিট কিংবা চিনা টাউনের মতো নির্দিষ্ট পরিসরে বিভিন্ন পরিষেবা ও সুবিধাকে সাজিয়ে তোলার ভাবনাও রয়েছে। এর ফলে মায়াপুরে আসা দেশ-বিদেশের দর্শনার্থীদের যাতায়াত, থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে প্রশাসনের আশা।
তবে শুধু সৌন্দর্যায়ন নয়, এলাকার দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যাগুলির সমাধানেও জোর দেওয়া হচ্ছে। মায়াপুরে বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের সমস্যার মতো বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে নিকাশি ব্যবস্থার উন্নয়নে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা STP তৈরির প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
মন্ত্রী জানান, জাতীয় স্তরের দক্ষ পরিকল্পনাবিদদের নিয়ে মায়াপুরের জন্য একটি বিস্তারিত ব্লু-প্রিন্ট তৈরি করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জল এবং গণপরিবহণ ব্যবস্থার উন্নয়ন করা হবে। পর্যায়ক্রমে এলাকার পরিকাঠামোকে আরও আধুনিক করে তোলার লক্ষ্য রয়েছে প্রশাসনের।
এর পাশাপাশি নবদ্বীপকেও বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার আওতায় আনার কথা জানিয়েছেন মন্ত্রী। নবদ্বীপকে ‘স্মার্ট সিটি’-র অন্তর্ভুক্ত করার পাশাপাশি পৃথক পরিকল্পনার মাধ্যমে মায়াপুর ও নবদ্বীপ—দুই এলাকাকেই নতুন রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রশাসনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মায়াপুরের তীর্থ পর্যটনে নতুন মাত্রা যোগ হতে পারে। একই সঙ্গে স্থানীয় পরিকাঠামোর উন্নয়ন এবং দেশ-বিদেশের দর্শনার্থীদের জন্য পরিষেবা বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments