Homeকলকাতাস্বাধীনতা দিবসে নতুন সংযোজন! কুমোরটুলির শিল্পীদের হাতে তৈরি ভারতমাতা মূর্তির চাহিদা তুঙ্গে

স্বাধীনতা দিবসে নতুন সংযোজন! কুমোরটুলির শিল্পীদের হাতে তৈরি ভারতমাতা মূর্তির চাহিদা তুঙ্গে

kumortuli

নিউজ ডেস্ক: আজ, শনিবার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহর কলকাতার একাধিক মোড়ে ও মণ্ডপে শোভা পেতে চলেছে ভারতমাতার দৃষ্টিনন্দন মূর্তি। প্রতিমা তৈরির পীঠস্থান কুমোরটুলিতে অন্যান্য বছরের তুলনায় এবার ভারতমাতা মূর্তির অভাবনীয় বরাত মেলায় মুখের হাসি চওড়া হয়েছে মৃৎশিল্পীদের। শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে কুমোরটুলির অন্দরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের ব্যস্ততায় মৃৎশিল্পীর কর্মশালায় ১০ ফুটের ভারতমাতার প্রতিমায় চলছে তুলির চূড়ান্ত টান। প্রতিমাগুলি মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য দিনভর উদ্যোক্তাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। রবীন্দ্র সরণির এক শিল্পীর ঘরে গড়ে ওঠা ওই প্রতিমা দেখতে পথচলতি বহু মানুষকে থমকে দাঁড়াতে এবং মোবাইলে ছবি তুলতে দেখা যায়।

কুমোরটুলি মৃৎশিল্পী সংগঠন সূত্রে খবর, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শ্রীকৃষ্ণ, রাম-সীতা ও হনুমান সহ বিভিন্ন দেব-দেবীর মাটি ও ফাইবারের তৈরি মূর্তির চড়া চাহিদা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে রাজ্যের বিভিন্ন জেলা ও ভিন রাজ্যেও পৌঁছে দেওয়া হয়েছে এই ধরনের বহু প্রতিমা। তবে এবারের স্বাধীনতা দিবসে বাড়তি আকর্ষণের সংযোজন হলো ‘ভারতমাতা’। মৃৎশিল্পীদের কথায়, “বিগত বছরগুলিতে স্বাধীনতা দিবস বা অন্য কোনো অনুষ্ঠানে ভারতমাতার প্রতিমার বরাত খুব একটা মিলত না। কিন্তু এবার বেশ কিছু ভালো অঙ্কের অর্ডার পেয়েছি আমরা।”

বর্তমানে শরৎকালের আগমনীতে কুমোরটুলি জুড়ে দুর্গা প্রতিমা গড়ার কাজ পূর্ণ গতিতে চলছে। কারিগরদের মতে, দুর্গা প্রতিমার চরম ব্যস্ততার মাঝেও অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতমাতার এমন দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করে উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া বড় চ্যালেঞ্জের কাজ ছিল। সেই চ্যালেঞ্জে সফলভাবে উত্তীর্ণ হতে পেরে শিল্পকর্মে তৃপ্তির কথা ব্যক্ত করেছেন কুমোরটুলির শিল্পীরা।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved