Last updated: August 15th, 2026 at 07:42 am

নিউজ ডেস্ক: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বহু বীর বিপ্লবীর অবদান ঢাকা পড়ে গিয়েছে কালের নিয়মে। সাধারণত নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগত সিং কিংবা বিনয়-বাদল-দীনেশদের নাম চর্চায় এলেও, ভারতের স্বাধীনতার নেপথ্যে এমন শত শত নাম রয়েছে যা সচরাচর শোনা যায় না। স্বাধীনতা দিবসের আগে সেই সব কমচর্চিত ও আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান জানাতে এক অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার কাকদ্বীপের একদল স্কুল শিক্ষার্থী। তুলির টানে স্কুলের প্রাচীরকেই তাঁরা বানিয়ে তুলল বিপ্লবীদের শ্রদ্ধাজ্ঞাপনের রঙিন ক্যানভাস।
শুক্রবার কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠের বিভিন্ন শ্রেণীর ৩১ জন পড়ুয়া একত্রিত হয়ে স্কুলের বাইরের দেওয়ালে ভারতমাতা এবং আরও ৩০ জন বীর স্বাধীনতা সংগ্রামীর দৃষ্টিনন্দন ছবি আঁকে। তৃতীয় থেকে দশম শ্রেণির এই খুদে শিল্পীরা সকাল থেকেই রং ও তুলি হাতে দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলে ইতিহাস। স্কুল প্রাচীরের পাশ দিয়েই চলে গিয়েছে গ্রাম ও বাজারের মূল রাস্তা। স্বাধীনতা দিবসের আগে দেওয়ালে বিপ্লবীদের এমন অসাধারণ ছবি আঁকার দৃশ্য দেখে থমকে যান পথচলতি সাধারণ মানুষ। বহু পথচারীকে দাঁড়িয়ে ছবিগুলি দেখতে এবং উৎসাহ দিতে দেখা যায়।
এই উদ্যোগ প্রসঙ্গে দশম শ্রেণির ছাত্রীরা জানায়, “সাধারণত স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বিনয়-বাদল-দীনেশ বা ক্ষুদিরাম বোসের নামই বেশি চর্চায় আসে। কিন্তু দেশ স্বাধীন করার পেছনে চন্দ্রশেখর আজাদ, লাল বাহাদুর শাস্ত্রী, লালা লাজপত রায়, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের মতো আরও অসংখ্য বীরের অসামান্য অবদান রয়েছে। সেই সব সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতেই আমাদের এই ছোট প্রয়াস।” পড়ুয়াদের এই ভাবনা ও শৈল্পিক শ্রদ্ধার্ঘ্যকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments