Last updated: September 30th, 2026 at 07:16 pm

নিউজ ডেস্ক: খেলার সময় পড়ে গিয়ে বিপত্তি। দুই বছরের এক শিশুর নাকের ভিতর দিয়ে ঢুকে চোখের পাশে আটকে গেল একটি বড় ও মোটা সূচ। পরিবারের লোকজন সেটি বের করার চেষ্টা করলেও সূচের পিছনের অংশ ভেঙে ভিতরে রয়ে যায়। শেষ পর্যন্ত জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সেই সূচ বের করে শিশুটিকে যন্ত্রণামুক্ত করলেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা।
ঘটনাটি বর্ধমানের কালনা মহকুমার সমুদ্রগড় এলাকার। জানা গিয়েছে, সোমবার সকালে বাড়িতে খেলার সময় হঠাৎ পড়ে যায় শিশুটি। সেই সময়ই কোনও ভাবে একটি সূচ তার নাকের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর শিশুটির কান্নাকাটি শুনে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। তাঁরা সূচটি বের করে আনার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টাতেই ঘটে আরও বিপত্তি। সূচটির পিছনের অংশ ভেঙে গিয়ে তার একটি বড় অংশ শিশুটির শরীরের ভিতরেই আটকে যায়।
চোখের কাছাকাছি সূচ আটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি শিশুটিকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
সোমবার রাতেই শিশুটিকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। সিটি স্ক্যান করে সূচটি ঠিক কোথায় এবং কী অবস্থায় আটকে রয়েছে, তা নিশ্চিত করেন চিকিৎসকেরা। দেখা যায়, নাকের ভিতর দিয়ে ঢুকে সূচটি চোখের পাশের অত্যন্ত সংবেদনশীল এলাকায় আটকে রয়েছে। ফলে কোনও রকম ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর পর মঙ্গলবার সকালে চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার শুরু করেন। অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুটির চোখের পাশ থেকে নাকের কাছ পর্যন্ত অংশে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর শরীরের ভিতরে আটকে থাকা সূচটির পুরো অংশ বের করে আনতে সক্ষম হন চিকিৎসকেরা।
চিকিৎসকদের এই সাফল্যে স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। এত ছোট বয়সে এমন জটিল পরিস্থিতি তৈরি হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ, শিশুদের নাগালের মধ্যে সূচ, কাঁচি, পেরেক বা অন্য কোনও ধারালো জিনিস রাখা উচিত নয়। দুর্ঘটনাবশত শরীরের কোনও অংশে ধারালো বস্তু ঢুকে গেলে নিজেরা সেটি টেনে বের করার চেষ্টা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ ভুলভাবে বের করার চেষ্টা করলে ভিতরের অংশে আরও গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে আপাতত যন্ত্রণামুক্ত দুই বছরের ওই শিশু। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছে সে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments