Last updated: September 24th, 2026 at 01:57 pm

নিউজ ডেস্ক; পর্যাপ্ত বাসের অভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) পরিষেবা নিয়ে সমস্যায় আলিপুরদুয়ার। ইতিমধ্যেই জেলার আটটি রুটে সরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আরও বেশ কয়েকটি রুটে বাসের সংখ্যা কমিয়ে পরিষেবা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। নতুন বাস না এলে পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব নয় বলে নিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
NBSTC-র আলিপুরদুয়ার ডিপো সূত্রে জানা গিয়েছে, একসময় সেখানে মোট ৪৪টি বাস ছিল। কিন্তু ১৫ বছরের বেশি পুরনো হয়ে যাওয়ায় ধাপে ধাপে ১৫টি বাস বসিয়ে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে মাত্র ২৯টি বাস দিয়ে বিভিন্ন রুটে যাত্রী পরিষেবা চালাতে হচ্ছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে পরিষেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।
জয়গাঁ, কলকাতা, বারোবিশা, তুফানগঞ্জ এবং বিহারের কয়েকটি রুটে পরিষেবা আগেই বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ি রুটেও একটি বাস কমিয়ে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার-কোচবিহার রুটে সরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় নিত্যযাত্রীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিদিন অফিস, ব্যবসা কিংবা শিক্ষার কাজে যাঁদের এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে হয়, তাঁদের সমস্যাই বেশি হচ্ছে।
বাসের সংখ্যা কমে যাওয়ার প্রভাব পড়ছে পরিষেবার সময়সূচিতেও। একই বাসকে একাধিক রুটে ব্যবহার করতে হওয়ায় অনেক ক্ষেত্রে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সরকারি বাসের সংখ্যা কম থাকায় বিকল্প হিসেবে বেসরকারি বাস, ছোট গাড়ি, অটো কিংবা টোটোর উপর নির্ভর করতে হচ্ছে বহু যাত্রীকে।
এর আগে আলিপুরদুয়ার ডিপোতে বাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে একই ধরনের সমস্যা প্রকাশ্যে এসেছিল। পুরনো বাস বাতিল হওয়ার পর নতুন বাস পর্যাপ্ত সংখ্যায় না এলে রুট পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কার কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে।
এদিকে পুজোর মরশুমে NBSTC অতিরিক্ত বাস চালানোর কথা জানিয়েছিল। রাজ্যের পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছিল, দুর্গাপুজোর সময়ে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদহ-সহ বিভিন্ন ডিপো থেকে অতিরিক্ত বাস চালানো হবে। পর্যটনকেন্দ্রগুলিতেও বিশেষ পরিষেবার পরিকল্পনা রয়েছে।
তবে আলিপুরদুয়ারের নিয়মিত যাত্রীদের প্রশ্ন, উৎসবের সময়ে অতিরিক্ত বাস চালানোর পাশাপাশি জেলার দৈনন্দিন পরিবহণ ব্যবস্থায় কবে পর্যাপ্ত বাস ফিরবে? নতুন বাস না আসা পর্যন্ত আটকে থাকা রুটগুলির পরিষেবা কবে স্বাভাবিক হবে, এখন সেদিকেই তাকিয়ে যাত্রীরা।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments