Homeদেশতিন মাসেই ধসে গেল ১৮ কোটির রাস্তা! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক, মহারাষ্ট্রে তোপের মুখে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’

তিন মাসেই ধসে গেল ১৮ কোটির রাস্তা! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক, মহারাষ্ট্রে তোপের মুখে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’

নিউজ ডেস্ক: মাত্র তিন মাস আগে কোটি কোটি টাকা খরচে উদ্বোধন হয়েছিল নতুন রাস্তার। কিন্তু বর্ষা আসতেই বেরিয়ে পড়ল পরিকাঠামোর
resizeplus_a5ffb8a9-a83c-4635-bacb-b9fe7b475f0d

নিউজ ডেস্ক: মাত্র তিন মাস আগে কোটি কোটি টাকা খরচে উদ্বোধন হয়েছিল নতুন রাস্তার। কিন্তু বর্ষা আসতেই বেরিয়ে পড়ল পরিকাঠামোর কঙ্কালসার চেহারা! মহারাষ্ট্রের পালঘর জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-র আওতায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে তৈরি ১৫.৫ কিলোমিটার দীর্ঘ ‘সারনি-উর্সে-আইনা’ রাস্তা আচমকাই মাঝখান থেকে ধসে গিয়ে তৈরি হলো প্রায় ১০ ফুটেরও বেশি গভীর এক বিশাল গর্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নির্মাণকারী সংস্থারই একটি ট্রাক সেই গর্তে আংশিক ভাবে আটকে যায়!

স্থানীয় সূত্রের খবর, পালঘরের ডাহানু এলাকায় তৈরি হওয়া এই নবনির্মিত সড়কটি ধসে পড়ার খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথম থেকেই এই রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তাঁদের দাবি, ঠিকাদার সংস্থার অনিয়ম ও কাজের গুণমান নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া হলেও সেই সময়ে কোনো কর্ণপাত করা হয়নি। যার মাশুল এখন গুণতে হচ্ছে পথচারী ও স্থানীয়দের।

সাধারণত সরকারি উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন রাস্তা দীর্ঘ সময় ব্যবহারযোগ্য থাকার কথা। কিন্তু হস্তান্তরের মাত্র তিন মাসের মাথায় কীভাবে একটি মেগা রোড প্রজেক্ট এভাবে ধসে যেতে পারে, তা নিয়ে নির্মাণকারী সংস্থার যোগ্যতা ও স্থায়িত্ব নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।

ঘটনার পর ক্ষোভ ফেটে পড়েছেন এলাকাবাসী। ঠিকাদার সংস্থা ও গাফিলতিতে জড়িত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কড়া শাস্তিমূলক পদক্ষেপের দাবি উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার নাকি প্রযুক্তিগত কোনো গাফিলতি— কী কারণে এমন বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved