Homeকলকাতাসল্টলেকের গেস্ট হাউসে দেহ ব্যবসার ফাঁদ, উদ্ধার নাবালিকা! গ্রেপ্তার সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কর্মী

সল্টলেকের গেস্ট হাউসে দেহ ব্যবসার ফাঁদ, উদ্ধার নাবালিকা! গ্রেপ্তার সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কর্মী

Bidhannagar commissionarate

নিউজ ডেস্ক: সল্টলেকের সুকান্তনগর এলাকার এক গেস্ট হাউসে নাবালিকাকে আটকে রেখে দেহ ব্যবসা চালানোর অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেট। বৃহস্পতিবার রাতে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা এবং দক্ষিণ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে চক্রটির পর্দাফাঁস করে। উদ্ধার করা হয়েছে এক নাবালিকাকে। ধৃতদের নাম সায়ন দে ও অনিন্দ্য দে, উভয়েই সুকান্তনগরের বাসিন্দা। স্থানীয় সুসূত্রে খবর, ধৃত সায়ন দে এলাকায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ ও সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অনৈতিক পাচার (প্রতিরোধ) আইন, জুভেনাইল জাস্টিস আইন, পকসো (POCSO) আইন এবং দেওব্যবসার উদ্দেশ্যে শিশু কেনাবেচা সম্পর্কিত একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুকান্তনগরের ওই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কাজকর্ম চলছিল। আগে সরব হলেও রাজনৈতিক প্রভাবের কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে গত ৩১ জুলাই লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্তে নেমে অভিযানে যায় বিধাননগর পুলিশ ও গোয়েন্দা শাখা।

এলাকাবাসীর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও হামলার ঘটনাতেও নাম জড়িয়েছিল এই সায়নের, যা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। বর্তমানে এই র্যাকেটের সঙ্গে আর কারা যুক্ত, কীভাবে এই পাচারচক্র চলত এবং রাজ্যব্যাপী এর কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved