
নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ডের তদন্ত ঘিরে ফের সামনে এল বিস্ফোরক অভিযোগ। নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ দাবি করেছেন, ২০২৪ সালে তাঁর মেয়ের দেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের চুপ করানোর জন্য তাঁর স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয়েছিল। একই সঙ্গে পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর।
বৃহস্পতিবার পানিহাটিতে নিজের বিধায়ক কার্যালয়ে সাংবাদিকদের সামনে ওই ঘটনার কথা জানান রত্না দেবনাথ। তাঁর দাবি, মেয়ের দেহ গ্রিন করিডোরের মাধ্যমে বাড়িতে পৌঁছনোর পর পরিবারের সদস্যদের সঙ্গে একাধিক ব্যক্তি কথা বলেন। সেই সময় তাঁর স্বামীকে বাড়ির একটি করিডরে নিয়ে গিয়ে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপরই বিষয়টি বাইরে প্রকাশ না করার জন্য তাঁর স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
নির্যাতিতার মায়ের আরও দাবি, ঘটনার পর বেশ কয়েক দিন আতঙ্কের মধ্যে ছিল গোটা পরিবার। তাঁর স্বামী এতটাই ভয় পেয়েছিলেন যে প্রথম দিকে স্ত্রীকেও বিষয়টি জানাতে পারেননি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও পরিবারের উপর চাপ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এমনকি পরবর্তীকালে তাঁদের দিয়ে নির্দিষ্ট বক্তব্য-সহ একটি ভিডিয়ো করানো হয়েছিল বলেও দাবি করেন রত্না।
এই অভিযোগের পাশাপাশি তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিষয়গুলি জানানো হলেও তাঁর আলাদা করে বয়ান রেকর্ড করা হয়নি। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়নি।
এর মধ্যেই আরজি কর মামলায় নতুন করে তদন্তের অগ্রগতি সামনে এসেছে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলার রুদ্ধদ্বার শুনানিতে সিবিআই একটি নতুন রিপোর্ট জমা দিয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, পরিবারের বাবা-মায়ের গোপন জবানবন্দি এখনও ম্যাজিস্ট্রেটের সামনে নথিবদ্ধ হয়নি। পরিবারের তরফে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও খড়দহ থানায় জানানো হয়েছিল। সেই অভিযোগের বিষয়ে আগামী ১ অক্টোবর খড়দহ থানার আইসি এবং তদন্তকারী অফিসারকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আরজি কর-কাণ্ডে মূল ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়ের সাজা হলেও নির্যাতিতার পরিবার তদন্তে আরও একাধিক দিক খতিয়ে দেখার দাবি জানিয়ে আসছে। বর্তমানে প্রমাণ নষ্ট এবং বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। হাই কোর্টে সিবিআইয়ের নতুন রিপোর্ট জমা পড়ায় সেই তদন্তের পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর রয়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments