Homeকলকাতাপার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় বড় নির্দেশ! ১৪ আগস্ট শুরু দ্বিতীয় পর্যায়ের শুনানি

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় বড় নির্দেশ! ১৪ আগস্ট শুরু দ্বিতীয় পর্যায়ের শুনানি

City Sessions Court

নিউজ ডেস্ক: এক সময় রাজ্যজুড়ে তোলপাড় ফেলা ঐতিহাসিক পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় ফের আইনি তৎপরতা। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই হাইপ্রোফাইল মামলার দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ শুনানি। শুক্রবার কলকাতার দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি এই শুনানির দিন ধার্য করেছেন। সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পাওয়ার পর থমকে থাকা এই বিচার প্রক্রিয়া নতুন করে গতি পেতে চলেছে।

মামলার সহকারী সরকারি আইনজীবী অমলেন্দু চক্রবর্তী আদালতে জানান, “আগামী ১৪ আগস্ট সরকার পক্ষ প্রথম সওয়ালে অংশ নেবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে স্থগিত থাকা এই দ্বিতীয় পর্যায়ের শুনানি শুরু করার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।” শুক্রবার শুনানির দিন ধার্য করার সময়েই প্রধান অভিযুক্ত কাদের খানসহ দুই ধৃতকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছিল।

উল্লেখ্য, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সাজা আগেই ঘোষণা হলেও, মূল চক্রী কাদের খানসহ দুজন দীর্ঘদিন ধরে ফেরার ছিল। পুলিশি খাতায় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল। পরবর্তীতে কলকাতা গোয়েন্দা পুলিশের (DD) হাতে তারা গ্রেফতার হলে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় এবং চার্জ গঠন করে দ্বিতীয় পর্যায়ের বিচার প্রক্রিয়া শুরু হয়।

তবে পরবর্তীতে হাইকোর্টের এক নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় নিম্ন আদালতে কিছুদিন শুনানি থমকে গিয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্ট ফের বিচারভবনে শুনানির ছাড়পত্র প্রদান করে। ফলে দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আবারও আদালতের এজলাসে শুরু হতে চলেছে বিচার প্রক্রিয়া।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved