Last updated: October 15th, 2026 at 04:18 pm

নিউজ ডেস্ক: দুর্গাপুজো ঘিরে এবার বিশেষ ব্যবস্থা প্রেসিডেন্সি সংশোধনাগারে। সংশোধনাগারের উঁচু প্রাচীর ঘেঁষে তৈরি হয়েছে প্রায় ২০ ফুটের মণ্ডপ। আর সেই কারণেই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কারা কর্তৃপক্ষ। পুজোর দিনগুলিতে সংশোধনাগারের সমস্ত কর্মী ও নিরাপত্তারক্ষীর ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করা হয়েছে ‘স্টেশন লিভ’-এর অনুমতিও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সংশোধনাগার সূত্রে খবর।
এ বছরই প্রথম সংশোধনাগারের মূল ভবনের বাইরে মণ্ডপ তৈরি করে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। পুজোর চার দিন আবাসিকদের জন্য উৎসবের পরিবেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে বাইরে মণ্ডপ হওয়ায় নিরাপত্তার দায়িত্বও বেড়েছে। সেই পরিস্থিতি মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে কর্মীদের ছুটি ও বিশ্রামের অনুমতি বাতিল করা হয়েছে।
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এই মর্মে ইতিমধ্যেই নোটিস জারি করা হয়েছে। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, কোনও কর্মী বা নিরাপত্তারক্ষীর ছুটি কিংবা রেস্ট মঞ্জুর করা হবে না। পুজোর সময় কর্মীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
শুধু নিয়মিত ডিউটিতে থাকা কর্মীরাই নন, ‘স্ট্যান্ড ডিউটি’-তে থাকা কর্মীদের ক্ষেত্রেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত জরুরি পরিস্থিতিতে ডাক পড়লে যাঁদের কাজে যোগ দেওয়ার কথা, তাঁদেরও কর্মস্থল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি থাকছে না। প্রয়োজন হলে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁদের প্রস্তুত থাকতে হবে।
এ ছাড়া পুজোর দিনগুলিতে সংশোধনাগারের প্রাচীর সংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টা এক বা দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। আবাসিকদের নিরাপত্তা এবং সংশোধনাগারের সামগ্রিক সুরক্ষা বজায় রাখতেই এই ব্যবস্থা।
এবারের পুজোয় সাজসজ্জাতেও বদল এসেছে। মণ্ডপ সাজানো হয়েছে গেরুয়া ও সাদা কাপড়ে। সংশোধনাগারের উঁচু পাঁচিলেও আগের সাদা-নীল রঙের বদলে হালকা হলুদ রং করা হয়েছে। এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, সংশোধনাগারের বিভিন্ন অংশে গেরুয়া-সাদা এলইডি আলোর চেন লাগানো হয়েছে। একাধিক ভবনের রঙেও পরিবর্তন আনা হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সংশোধনাগারের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। তবে তাঁর উপস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সব মিলিয়ে, উৎসবের আয়োজনের পাশাপাশি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগার।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments