Homeকলকাতাপুজোর আগে বাজারে কড়া নজরদারি! মানিকতলা-কোলে মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান

পুজোর আগে বাজারে কড়া নজরদারি! মানিকতলা-কোলে মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান

resizeplus_8d0d7215-a237-4f01-a75c-cd345e4de01b

নিউজ ডেস্ক:পুজোর মুখে আনাজপাতির বাজারে দাম নিয়ন্ত্রণে এবার সক্রিয় প্রশাসন। ষষ্ঠীর আগে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ বাজারে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে সকাল থেকেই অভিযান চালাল রাজ্য টাস্ক ফোর্স।

মানিকতলা, কোলে মার্কেট এবং শিয়ালদহের বিভিন্ন আড়ত ও দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। আলু, পেঁয়াজ, লেবু, কাঁচালঙ্কা-সহ বিভিন্ন সবজির পাইকারি ও খুচরো দামের মধ্যে কতটা ফারাক রয়েছে, তা খতিয়ে দেখা হয়। পাইকারি বাজার থেকে কোন দরে পণ্য ঢুকছে এবং খুচরো বাজারে কত দামে বিক্রি হচ্ছে—চালান ও নথি মিলিয়ে তা পরীক্ষা করেন টাস্ক ফোর্সের সদস্যরা।

অভিযানের সময় কোলে মার্কেট ও মানিকতলার কয়েকটি দোকানে রেট চার্ট না থাকার বিষয়টিও নজরে আসে। ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পাশাপাশি বাজারদর স্পষ্টভাবে প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।

প্রশাসনের তরফে ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—জোগান স্বাভাবিক থাকার পরেও কোনওভাবেই কৃত্রিম সংকট তৈরি করা বা অতিরিক্ত দাম নেওয়া বরদাস্ত করা হবে না। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

পুজোর আগে বাজারে হঠাৎ করে আনাজের দাম বাড়ায় ইতিমধ্যেই চিন্তায় ছিলেন সাধারণ ক্রেতারা। উৎসবের কেনাকাটার পাশাপাশি রান্নার প্রয়োজনীয় সামগ্রীর দামও যাতে নাগালের মধ্যে থাকে, সেই দাবিই ছিল ক্রেতাদের একাংশের। টাস্ক ফোর্সের এই অভিযানে তাই কিছুটা স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন বাজারে আসা সাধারণ মানুষ।

তবে এক দিনের অভিযানেই পরিস্থিতি কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। পুজোর দিনগুলিতে বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি প্রয়োজন বলেই মনে করছেন ক্রেতাদের একাংশ।

প্রশাসনের এই অভিযান আগামী দিনগুলিতেও কতটা ধারাবাহিক হয় এবং বাজারদরে তার কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।

No Comments

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved