Last updated: September 24th, 2026 at 01:57 pm

নিউজ ডেস্ক; গাড়ি সরাতে গিয়ে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের গার্ডরেলে ধাক্কা। সেই ঘটনার জেরে চাকরি হারানো কলকাতা পুলিশের এক কর্মীকে ফের কাজে বহালের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ওই পুলিশকর্মীর ভুল হয়েছিল ঠিকই, তবে তার জন্য চাকরি থেকে বরখাস্ত করার মতো গুরুতর অপরাধ হয়নি। তাঁকে লঘু শাস্তি দেওয়া যেতে পারত।
ঘটনাটি ২০২৩ সালের ৪ ডিসেম্বরের। পুলিশকর্মী ধীরেন্দ্রনাথ মাহাতোকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মোবাইল টয়লেট ভ্যান সংক্রান্ত ডিউটিতে রাখা হয়েছিল। ওই ভ্যান থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান বলে আদালতে জানানো হয়।
সেই সময় ভ্যানটির চালক সেখানে ছিলেন না। পরিস্থিতি সামাল দিতে ধীরেন্দ্রনাথ নিজেই গাড়িটি সরানোর চেষ্টা করেন। তাঁর দাবি, গাড়ি সরানোর সময় ভুল করে রিভার্স গিয়ার ব্যবহার করায় সেটি গার্ডরেলে ধাক্কা মারে। ধাক্কার জেরে গার্ডরেলটি বাড়ির প্রবেশপথের দিকেও গিয়ে লাগে। ঘটনায় কেউ আহত হননি বলেই আদালতে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়। ২০২৩ সালের ৫ ডিসেম্বর তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। পরে সেই সাসপেনশন প্রত্যাহার হলে তিনি কাজে যোগ দেন। কিন্তু ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে শো-কজ নোটিস দেওয়া হয়। কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন ধীরেন্দ্রনাথ। মামলাটি শুনানি হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চে। আদালত জানায়, ভুলের জন্য শাস্তি হতে পারে, কিন্তু এই ঘটনায় চাকরি থেকে বরখাস্ত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই সংশ্লিষ্ট পুলিশ-প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে তাঁকে ফের চাকরিতে বহাল করার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
ফলে দীর্ঘদিন পর ফের চাকরিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ওই পুলিশকর্মীর। আদালতের এই নির্দেশের পর আপাতত স্বস্তি ধীরেন্দ্রনাথ মাহাতোর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments