Last updated: October 6th, 2026 at 02:16 pm

নিউজ ডেস্ক :পুজোর আবহেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর। সোমবার রাতে রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপাড়া এলাকায় সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় দুই পক্ষেরই কয়েক জন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত পুজোর সময় সিপিআইএমের বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে। বারেন্দ্রপাড়ায় সিপিআইএমের পার্টি অফিসের কাছেই একটি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। সেই পুজোমণ্ডপের সামনে দলের পক্ষ থেকে বইয়ের স্টল বসানো হয়েছিল। সিপিআইএমের অভিযোগ, এ বার ওই স্টল তৈরি করতে আপত্তি জানান স্থানীয় বিজেপি নেতারা। তা নিয়েই প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ, সিপিআইএমের পক্ষ থেকে ‘দেশবিরোধী’ স্লোগান দেওয়া হচ্ছিল। তার প্রতিবাদ করতেই তাঁদের উপর হামলা চালানো হয়। বিজেপির আরও দাবি, তাঁদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনায় কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।
যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। বাম কর্মীদের দাবি, কোনও দেশবিরোধী স্লোগান দেওয়া হয়নি। দলীয় কর্মসূচির অংশ হিসাবেই স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁদের পাল্টা অভিযোগ, বিজেপির কয়েক জন কর্মী সিপিআইএমের পার্টি অফিস দখলের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। তাঁদের বাধা দেওয়া হলে দু’পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয় এবং পরে তা সংঘর্ষে গড়ায়। বিজেপি অবশ্য পার্টি অফিস দখলের অভিযোগ অস্বীকার করেছে।
গোলমালের খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। তাতে দু’পক্ষের কয়েক জন আহত হয়েছেন। পরে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার পর সিপিআইএম ও বিজেপি—দুই পক্ষই সোনারপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংঘর্ষের প্রকৃত কারণ কী এবং কারা ঘটনায় জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুজোর মরশুমে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, ঘটনার জেরে ফের অশান্তি ছড়াতে পারে। পুলিশ অবশ্য পরিস্থিতির উপর নজর রাখছে। অভিযোগ-পাল্টা অভিযোগের তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments