Homeউত্তর ২৪ পরগনাখড়দহস্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি, বিজেপির উপর হামলায় ইন্ধন দলেরই অন্য অংশের?

স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি, বিজেপির উপর হামলায় ইন্ধন দলেরই অন্য অংশের?

resizeplus_eisamay_2026-10-06_3yyxonjn_businessman

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনা স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া এলাকা। সোমবার রাতে এই ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যার পর থেকেই পাতুলিয়া এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিজেপির অভিযোগ, দলের স্থানীয় নেতা-কর্মীদের উপর হামলার পরেই বোমাবাজির ঘটনা ঘটে। বিজেপির স্থানীয় যুব মোর্চার সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি, দলের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট হিমাদ্রি শিকদারের উপর হামলা করা হয়েছিল। সেই ঘটনার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তবে ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরেও পাল্টা অভিযোগ উঠেছে। দলের একাংশের দাবি, তাঁদের সংগঠনকে দুর্বল করার উদ্দেশ্যে বিজেপিরই কয়েকজনের ইন্ধনে তৃণমূলের লোকজনকে ব্যবহার করে হামলা এবং বোমাবাজি করানো হয়েছে। এই অভিযোগ ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও এই দাবির সত্যতা এখনও তদন্ত করে নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা বোমাবাজির ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। ফলে একই ঘটনায় একাধিক পক্ষের ভিন্ন ভিন্ন দাবি সামনে এসেছে।

বোমাবাজির খবর ছড়িয়ে পড়তেই পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র ও সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুলিশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এরপর ধরপাকড়কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের বচসাও হয় বলে অভিযোগ।

ঘটনার প্রতিবাদে খড়দহ থানার সামনেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। তাঁদের দাবি, বোমাবাজির ঘটনায় প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল বা অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য এই ঘটনার পিছনে রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি উঠেছে।

পুলিশের তরফে এখনও পর্যন্ত ঘটনার চূড়ান্ত কারণ বা অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঠিক কী নিয়ে প্রথমে সংঘর্ষের সূত্রপাত, কারা বোমাবাজিতে জড়িত এবং বিজেপির একাংশের তোলা অভিযোগের ভিত্তি কতটা, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আহত দু’জনের চিকিৎসা চলছে।

ঘটনাকে কেন্দ্র করে পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র ও আশপাশের এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

No Comments