Homeকলকাতাভারী বৃষ্টিতে জলমগ্ন ট্র্যাক, সার্কুলার রেলে ব্যাহত ট্রেন চলাচল! ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ভারী বৃষ্টিতে জলমগ্ন ট্র্যাক, সার্কুলার রেলে ব্যাহত ট্রেন চলাচল! ভোগান্তিতে নিত্যযাত্রীরা

train

নিউজ ডেস্ক: সোমবার সন্ধ্যায় তীব্র পশলা বৃষ্টির জেরে সার্কুলার রেলের ট্র্যাক জলমগ্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা। দমদম থেকে কলকাতা টার্মিনাল পর্যন্ত রেললাইনে জল জমে যাওয়ার কারণে মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে একাধিক ট্রেনের গন্তব্য কাটছাঁট করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। পূর্বপ্রস্তুতি ও আগাম ঘোষণা ছাড়া হঠাৎ ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই চরম দুর্ভোগের শিকার হন শিয়ালদহ ও সার্কুলার রেল শাখার হাজার হাজার অফিসযাত্রী।

রেল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির কারণে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালটি মাঝেরহাট পর্যন্ত না গিয়ে বারাসত স্টেশনেই সংক্ষিপ্ত করে দেওয়া হয়। অন্যদিকে, সকাল ৯টা ৩৪ মিনিটের ব্যারাকপুর-বিবাদী বাগ লোকালটিকেও আংশিক বাতিল করা হয়েছে। ট্রেনটি ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করলেও দমদম স্টেশন পর্যন্ত গিয়ে থেমে যায় এবং দমদম থেকে বিবাদী বাগ পর্যন্ত এর ট্রিপ বাতিল করা হয়। শিয়ালদহ ডাউন লাইনে এমনিতেই সকালে ট্রেনের সংখ্যা কম থাকে, তার ওপর আগাম ঘোষণা ছাড়াই রুট কাটছাঁট করায় ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ যাত্রীরা।

দীপেন্দু মন্ডল , অজয় মুখার্জীর মতো একাধিক নিত্যযাত্রী ক্ষোভ উগরে দিয়ে জানান, ট্রেন আংশিক বাতিলের খবর আগে থেকে জানানো হলে বিকল্প বাসে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা যেত। কিন্তু কোনো ধরনের মাইকিং বা সতর্কতা না থাকায় প্ল্যাটফর্মে এসে ঘণ্টার পর ঘণ্টা ভিড়ের মধ্যে আটকে থাকতে হয়েছে।

রেল কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে যে, জলমগ্ন লাইন থেকে শক্তিশালী পাম্প চালিয়ে দ্রুত জল নিষ্কাশনের কাজ চালানো হচ্ছে। ট্র্যাক থেকে জল নেমে গেলেই দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে রেল প্রশাসন।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved