Last updated: September 21st, 2026 at 08:56 pm

নিউজ ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগের মধ্যেই নড়েচড়ে বসল রাজ্য উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়ের গত ১০ বছরের পিএইচডি ভর্তি সংক্রান্ত নথি চেয়ে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কোন কোন বিভাগে কী ভাবে পিএইচডি পড়ুয়া ভর্তি হয়েছেন, সেই সংক্রান্ত তথ্যই মূলত চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, দফতরের চাওয়া তথ্য রেজিস্ট্রারের মাধ্যমে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর পিএইচডি ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই রিপোর্ট তলবের পিছনে রয়েছে বিশ্ববিদ্যালয় স্তরে নেওয়া পিএইচডি প্রবেশিকা পরীক্ষা নিয়ে ওঠা অভিযোগ। গত অগস্টে রাজ্যের উচ্চশিক্ষা দফতর রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নিজস্ব Research Entrance Test বা RET বন্ধ করার নির্দেশ দিয়েছিল। পরিবর্তে জাতীয় স্তরের পরীক্ষার ফল, যেমন UGC-NET, UGC-CSIR-NET, GATE-সহ অন্যান্য স্বীকৃত পরীক্ষার স্কোর এবং পরবর্তী ইন্টারভিউয়ের ভিত্তিতে পিএইচডি ভর্তির প্রক্রিয়া চালানোর নির্দেশ দেওয়া হয়।
এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গত এক দশকের ভর্তি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার উদ্যোগকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। কোন সময়ে কী নিয়মে ভর্তি নেওয়া হয়েছিল, বিভিন্ন বিভাগের ক্ষেত্রে পদ্ধতিতে কোনও পার্থক্য ছিল কি না এবং সংরক্ষণ সংক্রান্ত নিয়ম কী ভাবে কার্যকর করা হয়েছিল—রিপোর্টে সেই বিষয়গুলিও উঠে আসতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাম্প্রতিক পিএইচডি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতেও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের প্রয়োজনীয় শংসাপত্র এবং NET, SET, GATE-এর মতো যোগ্যতার নথি জমা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
তবে পিএইচডি ভর্তি নিয়ে ওঠা অভিযোগের সত্যতা বা কোনও নির্দিষ্ট অনিয়ম হয়েছে কি না, তা এখনও সরকারি রিপোর্ট বা তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি। উচ্চশিক্ষা দফতরের চাওয়া তথ্য হাতে আসার পরই বিষয়টি আরও স্পষ্ট হবে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments