
নিউজ ডেস্ক: গত বছর কলকাতায় লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার জেরে বহু দর্শক মাঠে থেকেও প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে পারেননি। সেই দর্শকদের জন্য এ বার ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার, ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ভারত বনাম উরুগুয়ের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। আর তার আগের দিন, সোমবার ৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে ফ্রি পাস বিতরণ।
সরকারি ঘোষণায় প্রায় ২২ হাজার দর্শককে এই কমপ্লিমেন্টারি পাস দেওয়ার কথা জানানো হয়েছে। মূলত গত বছর ১৩ ডিসেম্বর মেসির G.O.A.T ট্যুরের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁদের মধ্যেই যোগ্য দর্শকদের এই সুবিধা দেওয়া হচ্ছে। মেসি মাঠে প্রবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁকে দ্রুত মাঠ ছাড়তে হয়েছিল। ফলে টাকা খরচ করেও বহু দর্শক প্রত্যাশিত অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন।
সোমবার ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলিতে এই পাস সংগ্রহ করা যাচ্ছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, যোগ্য দর্শকদের পুরনো মেসি অনুষ্ঠানের টিকিটের প্রমাণ এবং বৈধ সরকারি পরিচয়পত্র দেখাতে হবে।
ফ্রি পাস নিতে গেলে সঙ্গে রাখতে হবে—
ফ্রি পাস বিতরণের জন্য কলকাতা ও আশপাশে একাধিক কেন্দ্র রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে রাজা মণীন্দ্র রোডের মোহিত মৈত্র মঞ্চ, আজাদ হিন্দ বাগের মিলন মঞ্জরী কমিউনিটি হল, জেমস লং সরণীর অভয়ান কমিউনিটি হল, বিবেকানন্দ পার্কের উদযাপন কমিউনিটি হল, এজেসি বোস রোডের শুভনন্দন কমিউনিটি হল, যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট গোপালপুর সুইমিং পুল।
সোমবার সকাল থেকেই যুবভারতীর গেটের সামনে ফ্রি পাস সংগ্রহ করতে দর্শকদের লাইন দেখা গিয়েছে।
অন্যদিকে সাধারণ দর্শকদের জন্যও ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম কমানো হয়েছে। নির্দিষ্ট কয়েকটি ব্লকের টিকিট ১,৯৯৯ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছে। ফলে মেসি-অনুষ্ঠানের ক্ষতিপূরণ হিসেবে বিনামূল্যের পাসের পাশাপাশি সাধারণ ফুটবলপ্রেমীদের জন্যও ম্যাচ দেখতে খরচ কমেছে।
সব মিলিয়ে মেসি-পর্বের বিতর্কের পর মঙ্গলবারের উরুগুয়ে ম্যাচকে ঘিরে যুবভারতীতে ফের দর্শক সমাগম কতটা হয়, এখন সেটাই দেখার।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments