Last updated: October 5th, 2026 at 07:48 pm

নিউজ ডেস্ক: সুমি, ইউক্রেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এ বার পড়ল ভারতীয় মালিকানাধীন একটি ফার্মাসিউটিক্যাল সংস্থার উপর। রবিবার ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় মালিকানাধীন কুসুম গ্রুপের একটি ফার্মাসিউটিক্যাল গুদাম ও উৎপাদন কেন্দ্রে রুশ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলায় এক কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, আরও তিন জন আহত হয়েছেন। হামলায় সংস্থার মূল পরিকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি হামলার পর নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সুমিতে একটি ওষুধের গুদামে ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে ইউক্রেনের অন্য কয়েকটি এলাকাতেও রুশ হামলার খবর সামনে এসেছে।
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, নিহত কর্মীর বয়স ৫২ বছর। আরও তিন জন এই হামলায় আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করে।
কুসুম গ্রুপের তরফে জানানো হয়েছে, তাদের সুমি-র কারখানাটি জীবনদায়ী ওষুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। সংস্থার দাবি, হামলায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ ৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০০ কোটি টাকার কাছাকাছি। সংস্থাটি হামলাকে অত্যন্ত গুরুতর ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
ভারতীয় শিকড়ের এই সংস্থা ২০০৯ সাল থেকে ইউক্রেনে উৎপাদন চালাচ্ছে। কুসুম গ্রুপের তৈরি বিভিন্ন জেনেরিক ওষুধ ইউক্রেন ছাড়াও একাধিক দেশে সরবরাহ করা হয়। ফলে যুদ্ধের মধ্যে এই হামলা সংস্থার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, এই সংস্থার ইউক্রেনের পরিকাঠামো এর আগেও রুশ ড্রোন হামলার শিকার হয়েছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে কুসুমের একটি গুদাম ড্রোন হামলায় ধ্বংস হয়েছিল বলে সংস্থার তরফে জানানো হয়েছে। নতুন হামলার ফলে সেই ক্ষতির পর ফের বড় ধাক্কা খেল ভারতীয় মালিকানাধীন এই ব্যবসায়িক প্রতিষ্ঠান।
ঘটনার পর ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাসও হামলার নিন্দা করেছে। তাদের বক্তব্য, আক্রান্ত পরিকাঠামো কোনও সামরিক লক্ষ্য ছিল না এবং সেখানে প্রয়োজনীয় ওষুধ তৈরি করা হত। নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ভারতীয় মালিকদের প্রতিও সহানুভূতি প্রকাশ করেছে দূতাবাস।
এই হামলার সময় ভারত এক দিকে রাশিয়ার সঙ্গে এবং অন্য দিকে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে যুদ্ধের অবসানে আলোচনার পক্ষে অবস্থান নিয়ে চলেছে। ফলে ভারতীয় মালিকানাধীন একটি ওষুধ কারখানায় হামলার ঘটনা কূটনৈতিক মহলেও নতুন করে নজর কেড়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments