Last updated: August 28th, 2026 at 01:04 pm

নিউজ ডেস্ক: যোগ্যতা অর্জনের আগেই ডাক্তারি ছাত্ররা নিজেদের ‘মেডিক্যাল অফিসার’ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রক্তদান শিবিরে অংশ নিচ্ছেন— এমনই এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ পাওয়ার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করতে একগুচ্ছ কঠোর ও নজিরবিহীন নির্দেশিকা জারি করল হাসপাতাল কর্তৃপক্ষ।
নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে বৈধ ‘মেডিক্যাল রেজিস্ট্রেশন নম্বর’ না পাওয়া পর্যন্ত কোনও ডাক্তারি পড়ুয়া বা ইন্টার্ন চিকিৎসক নিজেদের ‘ডাক্তার’ বা ‘মেডিক্যাল অফিসার’ পরিচয় দিয়ে রোগী দেখতে পারবেন না। পাশাপাশি কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া বহিরাগত কোনো স্বাস্থ্য শিবির কিংবা রক্তদান শিবিরে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই নির্দেশিকা ইন্টার্ন থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক। নির্দেশ অমান্য করে কেউ যদি রেজিস্ট্রেশন পাওয়ার আগেই চিকিৎসা সংক্রান্ত কাজে যুক্ত হন বা ডাক্তার পরিচয়ে শিবিরে যোগ দেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে।
স্বাস্থ্য মহলের মতে, সাম্প্রতিককালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার রক্তদান ও স্বাস্থ্য শিবিরে ডাক্তারি পড়ুয়াদের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল। এই ভুয়া পরিচয় ও বেআইনি কর্মকাণ্ড রুখতেই এই সিদ্ধান্ত। কর্তৃপক্ষের এই কড়াকড়ির ফলে জুনিয়র ডাক্তার এবং পড়ুয়াদের মধ্যে নিয়ম মেনে কাজ করার প্রবণতা যেমন বাড়বে, তেমনই রক্তদান ও স্বাস্থ্য শিবিরগুলিতে চিকিৎসকদের সঠিক পরিচয় ও গুণমান বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments