
নিউজ ডেস্ক: রাজ্যের বিমান যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। কেন্দ্রের Modified UDAN বা উড়ান ২.০ প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। আগামী ১০ বছরে দেশে ১০০টি নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই সংক্রান্ত মউ স্বাক্ষর হয়েছে।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রাম মোহন নায়ডু জানিয়েছেন, পশ্চিমবঙ্গের হাসিমারা, বালুরঘাট, কলাইকুণ্ডা এবং পুরুলিয়ার ছররা—এই চার জায়গাকে নতুন সিভিল বিমানবন্দর তৈরির পরিকল্পনার আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট বিমানবন্দরগুলিতে ন্যারো-বডি বিমান চলাচলের উপযোগী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর ফলে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে নজর কেড়েছে কলকাতার দ্বিতীয় বিমানবন্দর তৈরির প্রসঙ্গও। কলকাতা বিমানবন্দরের উপর যাত্রী ও বিমান চলাচলের চাপ ক্রমশ বাড়ছে। সেই চাপ সামলাতে শহরের কাছে আরও একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্যের বাজেটে ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের জন্য নদিয়ার কল্যাণী ও আশপাশের এলাকায় জমি চিহ্নিত করার কাজও শুরু হয়েছে। প্রায় ২,০০০ একর জমি নিয়ে প্রাথমিকভাবে পরিকল্পনা এগোচ্ছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যেও কলকাতার দ্বিতীয় বিমানবন্দরের প্রসঙ্গ উঠে এসেছে। মুম্বইয়ের মতো কলকাতারও দ্বিতীয় বিমানবন্দরের প্রয়োজন রয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ান, বিশেষ করে ইউরোপগামী বিমান পরিষেবা বাড়ানোর বিষয়েও বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
তাহলে বাগডোগরার কী হবে? উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর বাগডোগরাকে নতুন করে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। সেখানে নতুন টার্মিনাল তৈরির পাশাপাশি যাত্রী পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ এগোচ্ছে। বাগডোগরাকে উত্তর-পূর্ব ভারত ও পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।
কেন্দ্রের Modified UDAN প্রকল্পে আগামী আট বছরে ১০০টি বিমানবন্দর উন্নয়নের জন্য মূলধনী ব্যয়ের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক বিমান পরিষেবা চালু রাখতে বিমান সংস্থাগুলিকে ভর্তুকি বা Viability Gap Funding দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
ফলে একদিকে কলকাতার কাছে নতুন বিমানবন্দর, অন্য দিকে বাগডোগরার সম্প্রসারণ এবং রাজ্যের চার প্রান্তে নতুন বিমান পরিষেবার পরিকাঠামো—সব মিলিয়ে বাংলার বিমান যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন নজর, প্রকল্পগুলির জমি, নির্মাণ এবং বাস্তবায়নের কাজ কত দ্রুত এগোয়।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments