Last updated: August 31st, 2026 at 05:48 pm
suvendu-adhikariনিউজ ডেস্ক: সাড়ে তিন মাসের প্রশাসনিক কাজের খতিয়ান সঙ্গে নিয়ে নিজের খাসতালুক নন্দীগ্রামে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের একাধিক স্তরের উন্নয়ন প্রকল্প রূপায়ণের লক্ষ্য নিয়ে রেয়াপাড়া শিবমন্দির ময়দানে আয়োজিত হয় এক মেগা প্রশাসনিক সভা। সেই মঞ্চ থেকেই নন্দীগ্রামবাসীর জন্য একগুচ্ছ নজিরবিহীন পরিকাঠামো, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি।
মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দুই দশকেরও বেশি সময়ের আত্মিক সম্পর্ক। আপনারা আমাকে ফের একবার নির্বাচিত করেছিলেন। আমি মুখ্যমন্ত্রী হিসেবে সাড়ে তিন মাস পূর্ণ করার আগেই নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করে দিলাম।”
প্রশাসনিক সভা থেকে সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘জি রামজি’ জব কার্ডের অধীনে কর্মপ্রার্থীদের জন্য ১২৫ দিনের কাজের গ্যারান্টি আজ থেকেই কার্যকর হলো। পাশাপাশি এলাকার প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা করে সরাসরি আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্নপূর্ণা যোজনায় নন্দীগ্রামের ৬৭ হাজার মানুষকে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া সম্পন্ন হয়েছে এবং আরও ৫ হাজার আবেদন যাচাইকরণ শেষে খুব দ্রুত সেই টাকা পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।
স্বাস্থ্য খাতে নন্দীগ্রামকে স্বাবলম্বী করতে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রেয়াপাড়া হেল্থ সেন্টারের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ বেড করা হচ্ছে। একই সঙ্গে সংস্কার হচ্ছে বয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। চিকিৎসায় গতি আনতে নন্দীগ্রাম জেলা হাসপাতালে চালু হলো ‘মাতৃ-মা ভবন’ এবং দূরদূরান্ত থেকে আসা রোগীদের আত্মীয়দের রাত্রিবাসের জন্য আধুনিক নাইট শেল্টার। সাধারণ মানুষের পুষ্টির কথা ভেবে চালু করা হয়েছে মাত্র ৫ টাকায় আহার পরিষেবা ‘মা আহার ক্যান্টিন’, যেখানে সপ্তাহে দুই দিন মাছের পদও মিলবে। এতদিন অস্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে ময়নাতদন্তের জন্য তমলুক যেতে হতো; সেই জটিলতা কাটাতে নন্দীগ্রামে নতুন ‘পুলিশ মর্গ’ তৈরির ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।
বিনামূল্যে চিকিৎসার প্রসঙ্গে তিনি জানান, এলাকার আড়াই লক্ষ মানুষ ইতিমধ্যেই ‘আয়ুষ্মান ভারত’ কার্ডের সুবিধা পাচ্ছেন। যাঁরা এর বাইরে রয়েছেন, তাঁরাও ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’র আওতায় ১৯০০টি সরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকার চিকিৎসা পাবেন। পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, “নন্দীগ্রামে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন। ভোটের সময় অনেকে অনেক কথা বললেও, আমি সবার মুখ্যমন্ত্রী। দেশের যে কোনও রাজ্যের হাসপাতালে আপনারাও ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।”
সবশেষে বহুপ্রতীক্ষিত হলদিয়া-নন্দীগ্রাম সংযোগকারী মেগা ব্রিজের অগ্রগতি প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে জানান, সেতুর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং ভূমিপূজন থেকে শুরু করে সেতুর ওপর দিয়ে যাওয়া প্রথম গাড়িতে স্বয়ং তিনিই সওয়ার হবেন।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments