Last updated: August 15th, 2026 at 08:08 am

নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে যখন ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালনে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই মাথার ওপর স্থায়ী ছাদ না থাকার তীব্র ক্ষোভ জানিয়ে রাজপথে নামলেন হাওড়ার ডোমজুড়ের কোলোড়ার শতাধিক বাসিন্দা। বৃহস্পতিবার কোলোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামদণ্ড এলাকায় পাকা বাড়ির দাবিতে এক নজিরবিহীন ও অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল ডোমজুড়। স্থানীয় বাসিন্দাদের এই প্রতীকী মিছিলে যোগ দিয়ে ক্ষোভে সুর মেলায় স্থানীয় বিজেপি নেতৃত্বও।
এদিনের প্রতিবাদ মিছিলে নজর কাড়ে আন্দোলনকারীদের হাতের বিশেষ সামগ্রী। এক হাতে সগৌরবে উড়ছিল দেশের জাতীয় পতাকা, আর অন্য হাতে ছিল থার্মোকল ও বাঁশ দিয়ে তৈরি প্রতীকী কাঁচা-পাকা ঘর। “আগে ঘর দিন, তারপর পতাকা” মিছিলে ওঠা এই জোরালো স্লোগানে কেঁপে ওঠে গোটা জামদণ্ড এলাকা। আন্দোলনকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বহুবার আবেদন জানানো সত্ত্বেও আজও সরকারি পাকা মাথার ছাদ মেলে নি। বাধ্য হয়ে বহু পরিবারকে এখনও জরাজীর্ণ কাঁচা বাড়িতে দিন কাটাতে হচ্ছে। মিছিলে অংশ নেওয়া এক ক্ষুব্ধ বাসিন্দার কথায়, “সরকার হর ঘর তেরঙ্গা ডাইকছে, কিন্তু আমাদের তো নিজের ঘরই নেই! বাঁশের কাঁচা ঘরে তেরঙ্গা লাগালে বর্ষার জলে সব ভিজে নষ্ট হয়ে যাবে।”
ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপে মাত্রা বাড়িয়েছে বিজেপি নেতৃত্ব। তাঁদের স্পষ্ট তোপ, বিগত তৃণমূল সরকারের আমলেই প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে চরম স্বজনপোষণ করা হয়েছে। এই বিষয়ে তড়িঘড়ি প্রশাসনিক হস্তক্ষেপের জোরালো দাবি তোলা হয়েছে।
প্রতিবাদ ও ক্ষোভের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। কোলোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফা মল্লিক জানান, “ঘটনার কথা আমার কানে এসেছে। প্রকৃত গৃহহীন যাঁরা এখনো বাড়ি পাননি, তাঁদের নথিপত্র পুনঃযাচাই করে তালিকা তৈরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থার চেষ্টা চালানো হবে।” তবে স্বাধীনতা দিবসের মুখে জাতীয় পতাকা হাতে আবাসের দাবিতে এই বিরল প্রতিবাদ ডোমজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments