Last updated: October 3rd, 2026 at 11:37 am

নিউজ ডেস্ক: পুজোর আগে কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল মা ফ্লাইওভারে যানজট নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ কলকাতা ট্র্যাফিক পুলিশের। ফ্লাইওভারে ওঠার আগেই চালকদের রাস্তার পরিস্থিতি জানিয়ে দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড। আগামী সোমবার থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা।
মা ফ্লাইওভারে প্রায়ই গাড়ি খারাপ হয়ে যাওয়া বা দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে উড়ালপুলের উপরে কোনও গাড়ি বিকল হয়ে পড়লে দ্রুত সেটিকে সরানো না গেলে পিছনে দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়। অনেক সময় পরিস্থিতি সামাল দিতে সাময়িক ভাবে ফ্লাইওপুলে গাড়ি ওঠাও বন্ধ রাখতে হয়। কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে থাকা চালকদের কাছে সেই তথ্য আগে থেকে না থাকায় তাঁরা সরাসরি যানজটে ঢুকে পড়েন। নতুন ডিসপ্লে ব্যবস্থায় সেই সমস্যাই কমানোর চেষ্টা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেডব্লিউ ম্যারিয়ট, সায়েন্স সিটি, ইএম বাইপাস, দরগা রোড এবং শামসুল হুদা রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই ডিজিটাল ডিসপ্লে বসানো হবে। ফ্লাইওভারের পরিস্থিতি অনুযায়ী বোর্ডে ‘Road Closed Ahead’ বা ‘Road Clear’-এর মতো বার্তা দেখানো হবে। ফলে চালকেরা উড়ালপুলে ওঠার আগেই বুঝতে পারবেন সামনে যান চলাচল স্বাভাবিক রয়েছে কি না। রাস্তা বন্ধ থাকলে বিকল্প পথ বেছে নেওয়ার সুযোগও থাকবে।
শুধু ডিসপ্লে বসিয়েই থেমে থাকছে না ট্র্যাফিক পুলিশ। মা ফ্লাইওভারের মিডিয়ান ডিভাইডারে জরুরি প্রয়োজনে গাড়ি সরানোর জন্য আরও তিনটি কাটআউট তৈরি করা হচ্ছে। আগে এমন তিনটি কাটআউট ছিল, ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়াবে ছয়। কোনও গাড়ি বিকল হয়ে পড়লে নিকটবর্তী কাটআউট ব্যবহার করে টো-ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে এবং বিকল গাড়িটি সরিয়ে নেওয়া সহজ হবে। এতে যানজটের স্থায়িত্বও কমতে পারে।
তবে এই কাটআউটগুলি সাধারণ গাড়িচালকদের ইউ-টার্ন নেওয়ার জন্য ব্যবহার করা যাবে না। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট জায়গাগুলি গার্ডরেল দিয়ে নিয়ন্ত্রিত থাকবে এবং শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে বিকল বা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরানোর কাজে ব্যবহার করা হবে।
এর পাশাপাশি ভবিষ্যতে মা ফ্লাইওভারে অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা বসানোর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে ফিটনেস বা পিইউসি-র মতো প্রয়োজনীয় তথ্য শনাক্ত করার ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে কলকাতা পুলিশ।
ট্র্যাফিক পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য, ফ্লাইওভারে হঠাৎ তৈরি হওয়া যানজটের প্রভাব কমানো এবং চালকদের আগে থেকেই পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা। পুজোর মরসুমে কলকাতার রাস্তায় গাড়ির চাপ বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে এই ব্যবস্থা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments