Homeদক্ষিণ ২৪ পরগনাক্যানিংজীবনতলাপরীক্ষায় টুকলিতে বাধা, কলেজে তাণ্ডব পড়ুয়াদের! ভাঙচুর ফ্যান, শৌচালয়েও

পরীক্ষায় টুকলিতে বাধা, কলেজে তাণ্ডব পড়ুয়াদের! ভাঙচুর ফ্যান, শৌচালয়েও

eisamay_2026-10-01_rqbocfb6_bhangar-college

নিউজ ডেস্ক: পরীক্ষার হলে টুকলিতে বাধা এবং মোবাইল ফোন নিয়ে ঢোকার অভিযোগে একাংশ পড়ুয়ার বিরুদ্ধে কলেজে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বেগম রোকেয়া মহাবিদ্যালয়ে। অভিযোগের তির ভাঙড় কলেজের দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়াদের একাংশের দিকে।

বুধবার ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমেস্টারের এডুকেশন পরীক্ষা। পরীক্ষার শেষ দিন হওয়ায় ভাঙড় কলেজের প্রায় ৪০০ পড়ুয়া ওই কলেজে পরীক্ষায় বসেছিলেন। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, তাঁদের মধ্যে দু’জন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিলেন। বিষয়টি নজরে আসার পর তাঁদের ফোন বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে পরীক্ষার হলে টুকলি করার চেষ্টাতেও বাধা দেওয়া হয় বলে কলেজ কর্তৃপক্ষের দাবি।

অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একাংশ পড়ুয়া কলেজের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালান। কলেজের হলের ফ্যানের ব্লেড দুমড়ে দেওয়ার পাশাপাশি শৌচালয়ের দরজা, কমোড এবং জলের পাইপ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বেগম রোকেয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনুপকুমার মাঝি ঘটনার নিন্দা করে জানিয়েছেন, ছাত্রদের এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান। কলেজের পরীক্ষার নিয়ামক চিরঞ্জিৎ মুখোপাধ্যায়ের বক্তব্য, প্রায় ১৫ বছর ধরে ওই কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আসন পড়ছে। এর আগে এমন সমস্যার মুখে পড়তে হয়নি বলে তাঁর দাবি।

অন্যদিকে, ভাঙড় কলেজের স্টুডেন্ট ফ্রন্টের সদস্য আফরিজ রহমান ঘটনার নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, এমন ঘটনার কোনওভাবেই সমর্থন করা যায় না। ফলে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ভাঙড় কলেজে গত কয়েকদিন ধরেই বিভিন্ন কারণে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই আবহের মধ্যেই এবার অন্য কলেজে পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ সামনে এল। ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।

No Comments

আরও পড়ুন

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved