Last updated: October 1st, 2026 at 05:10 pm

নিউজ ডেস্ক:মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলে পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ঠিক পরের দিনই ওই স্কুল-সহ তিনটি স্কুলের পড়ুয়াদের জন্য পাঠানো হল বিশেষ পুজোর উপহার—রুই মাছ ও রসগোল্লা।
মঙ্গলবার ব্যাঁটরার ওই স্কুলে ‘সারথী’ প্রকল্পের সাইকেল বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলের পাশাপাশি রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এবং লিলুয়া শিক্ষা নিকেতনের পড়ুয়াদের হাতেও সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পড়ুয়াদের সঙ্গে একই পংক্তিতে বসে মিড-ডে মিল খান মুখ্যমন্ত্রী।
স্কুলের মিড-ডে মিলের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করার পর বুধবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্কুলে পৌঁছয় রুই মাছ ও রসগোল্লা। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮৫০ পিস রুই মাছ পাঠানো হয়েছিল। সেই মাছ স্কুলের রান্নাঘরেই রান্না করা হয়। পড়ুয়াদের পাতে ভাত, তরকারির সঙ্গে দেওয়া হয় মাছের কালিয়া এবং রসগোল্লা। তিনটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারাও একসঙ্গে বসে এই খাবার খান।
ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁদের জানানো হয় যে, পড়ুয়াদের জন্য মাছ ও রসগোল্লা পাঠানো হচ্ছে। পরে সেই উপহার স্কুলে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য স্কুলের পক্ষ থেকে ধন্যবাদও জানানো হয়েছে।
শুধু পড়ুয়াদের জন্যই নয়, স্কুলের মিড-ডে মিলের কাজে যুক্ত মহিলা কর্মীদের জন্যও পুজোর উপহার পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ওই স্কুলের ছয়জন মহিলা কর্মীর প্রত্যেকের জন্য একটি করে শাড়ি এবং ৫০০ টাকা করে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা কোনও খাবার তৈরি করা হয়নি। প্রতিদিন পড়ুয়াদের জন্য যে খাবার রান্না হয়, সেটিই মুখ্যমন্ত্রী খেয়েছিলেন বলে স্কুলের তরফে দাবি করা হয়।
পুজোর আগে স্কুলের পড়ুয়াদের জন্য মাছ-মিষ্টির এই বিশেষ আয়োজন ঘিরে বুধবার ব্যাঁটরার ওই স্কুলে তৈরি হয় উৎসবের আবহ। মিড-ডে মিলের সাধারণ মেনুতে এক দিনের জন্য যোগ হল রুই মাছ ও রসগোল্লা—আর সেই আয়োজনের সূত্রপাত মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের স্কুল সফর থেকেই।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments