Homeহুগলিআলু-ধানে লোকসান, চাষের জমিতেই পদ্ম ফোটাচ্ছেন কৃষক

আলু-ধানে লোকসান, চাষের জমিতেই পদ্ম ফোটাচ্ছেন কৃষক

নিউজ ডেস্ক; এক সময় যে জমিতে ধান কিংবা আলু চাষ করেই সংসার চলত, এখন সেই জমিতেই ফুটছে সারি সারি পদ্ম। পুজোর মরশুমকে সামনে রেখে লাভের আশায় চাষের ধরন বদলেছেন হুগলির
resizeplus_eisamay_2026-09-16_tpz585vw_hnq

নিউজ ডেস্ক; এক সময় যে জমিতে ধান কিংবা আলু চাষ করেই সংসার চলত, এখন সেই জমিতেই ফুটছে সারি সারি পদ্ম। পুজোর মরশুমকে সামনে রেখে লাভের আশায় চাষের ধরন বদলেছেন হুগলির পাণ্ডুয়া ব্লকের একাধিক গ্রামের কৃষক। খন্যান-সহ আশপাশের এলাকায় ধান ও আলুর পরিবর্তে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পদ্মচাষ।

গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা হুগলি। পাণ্ডুয়ার খন্যানেও দীর্ঘদিন ধরে ধান ও আলুর চাষ হয়ে আসছে। কিন্তু কৃষকদের একাংশের বক্তব্য, গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং আবহাওয়ার অনিশ্চয়তার কারণে চাষের খরচ তুলতেই সমস্যা হচ্ছে। বিশেষ করে আলু চাষে প্রত্যাশিত লাভ না মেলায় বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন তাঁরা। সেই জায়গাতেই পদ্মচাষকে তুলনামূলক লাভজনক বিকল্প হিসেবে বেছে নিয়েছেন অনেক কৃষক।

শুধু খন্যান নয়, পাণ্ডুয়ার বেড়েলা, কোঁচমালি, বৈঁচি, চারাবাগান, গোয়াড়া, পাঁচগড়া-সহ একাধিক এলাকাতেও পদ্মের চাষ হচ্ছে। স্থানীয় এক চাষির দাবি, আগে মূলত জলাজমিতেই পদ্ম চাষ করা হত। এখন সেই গণ্ডি পেরিয়ে আলু চাষের জমিতেও পদ্ম ফলানো হচ্ছে। খন্যান এলাকায় প্রায় তিন হাজার বিঘা জমিতে পদ্ম চাষ হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় চাষিরা।

এই চাষের পিছনে রয়েছে পুজোর বাজারও। দুর্গাপুজোয় পদ্মফুলের বিশেষ চাহিদা থাকে। পুজোর আগে বাজারে ফুলের চাহিদা বাড়বে, সেই প্রত্যাশাতেই আগেভাগে পদ্মের চাষ শুরু করেছেন কৃষকরা। ভোর থেকে জমিতে ফুল তোলার কাজ শুরু হচ্ছে। পরে সেই ফুল পাঠানো হচ্ছে হাওড়ার মল্লিকঘাটের ফুল বাজারে। সেখান থেকে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের অন্যান্য প্রান্তে ফুল পৌঁছে যাচ্ছে। পুনে, হায়দরাবাদ, দিল্লি, মুম্বই এবং ওড়িশার মতো জায়গাতেও এই পদ্ম যাচ্ছে বলে জানা গিয়েছে।

তবে পদ্মচাষেও রয়েছে আবহাওয়ার ঝুঁকি। অতিরিক্ত বৃষ্টিতে অনেক ফুল নষ্ট হওয়ায় এ বছর ফলন নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের মতে, পুজোর মরশুম যত এগোবে, চাহিদার সঙ্গে ফুলের দামও বাড়তে পারে। বর্তমানে ফুলের দাম প্রতি পিস কয়েক টাকা হলেও উৎসবের সময়ে বাজারের পরিস্থিতি বদলানোর আশা করছেন তাঁরা।

স্থানীয় কৃষকদের বক্তব্য, ধান-আলুর চাষে বারবার লোকসানের মুখে পড়ার পর পদ্ম তাঁদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে ফুলের বাজার, আবহাওয়া এবং পরিবহণের উপর নির্ভরশীল এই চাষ কতটা স্থায়ীভাবে কৃষকদের আয় বাড়াতে পারে, তা সময়ই বলবে। আপাতত পুজোর মরশুমে পদ্মের চাহিদাকেই ভরসা করে নতুন ফসলের দিকে তাকিয়ে পাণ্ডুয়ার কৃষকরা।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved