Homeপুরুলিয়াচোখেমুখে দুশ্চিন্তা, অমিতের মেসে ঢোকার আগে মোবাইলে টানা কথা তরুণীর

চোখেমুখে দুশ্চিন্তা, অমিতের মেসে ঢোকার আগে মোবাইলে টানা কথা তরুণীর

নিউজ ডেস্ক ; পুরুলিয়া শহরের উপকণ্ঠে ১৯ বছরের তরুণী খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। ঘটনার দিন প্রেমিক অমিত মাহাতোর মেসে ঢোকার ঠিক আগে ওই তরুণীর
resizeplus_eisamay_2026-09-16_wrglwmqu_Purulia-Incident

নিউজ ডেস্ক ; পুরুলিয়া শহরের উপকণ্ঠে ১৯ বছরের তরুণী খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। ঘটনার দিন প্রেমিক অমিত মাহাতোর মেসে ঢোকার ঠিক আগে ওই তরুণীর গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তাঁর দাবি, মেসে যাওয়ার আগে রাস্তার ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মোবাইলে কথা বলছিলেন তরুণী। তাঁর চোখেমুখে ছিল উদ্বেগের ছাপ।

ঘটনাটি গত ১২ সেপ্টেম্বর, শনিবার বিকেলের। রামকৃষ্ণপল্লি এলাকায় ওই তরুণীকে দেখেছিলেন ৬৩ বছরের জটিলা মাহাতো। তাঁর বর্ণনা অনুযায়ী, সালোয়ার-কামিজ পরা তরুণী রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে একটানা কথা বলছিলেন। আশপাশে কী ঘটছে, সে দিকে যেন তাঁর বিশেষ নজর ছিল না।

কৌতূহলবশত তরুণীর সঙ্গে কথা বলেন জটিলা। কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি জানান, টিউশনে যাওয়ার কথা রয়েছে। এর পর তরুণী সেখান থেকে অমিতের মেসের দিকে চলে যান। এরপর ঠিক কী ঘটেছিল, তার প্রত্যক্ষদর্শী নন ওই প্রৌঢ়া। তবে তাঁর বক্তব্য, ওই সময় তরুণীকে বেশ চিন্তিত দেখাচ্ছিল।

তদন্তকারীদের কাছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেসে ঢোকার আগে তরুণী কার সঙ্গে ফোনে কথা বলছিলেন? সেই ফোনালাপের সূত্র থেকেই কি ঘটনার আগে তাঁর মানসিক অবস্থার কোনও ইঙ্গিত পাওয়া সম্ভব? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে মঙ্গলবার রামকৃষ্ণপল্লির ওই মেসে পৌঁছয় রাজ্য পুলিশের ফরেন্সিক দল। পাঁচ সদস্যের দলটি প্রায় দু’ঘণ্টা ধরে মেসে বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে। অমিতের ঘর, সিঁড়ি-সহ একাধিক জায়গা থেকে নমুনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পুনর্নির্মাণের জন্য অমিতকেও সেখানে নিয়ে আসে পুলিশ।

ঘটনার পর মেসের সিঁড়িতে রক্তের দাগ দেখা গিয়েছিল বলে আবাসিকদের একাংশের দাবি। তাঁদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। পাশাপাশি, নিহত তরুণীর পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর তদন্তের পরবর্তী দিক আরও স্পষ্ট হতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

No Comments