Homeরাজ্যকিউআর কোডেই মিলবে পর্যটনস্থলের ইতিহাস! ডিজিটাল পরিষেবার প্রস্তাব পর্যটনমন্ত্রীকে

কিউআর কোডেই মিলবে পর্যটনস্থলের ইতিহাস! ডিজিটাল পরিষেবার প্রস্তাব পর্যটনমন্ত্রীকে

নিউজ ডেস্ক; পর্যটনকেন্দ্রে গিয়ে শুধু ছবি তোলা নয়, সেই জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং পরিবেশ সম্পর্কে পর্যটকদের সহজে তথ্য দেওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার প্রস্তাব উঠল। পর্যটন পরিষেবায় কিউআর
resizeplus_eisamay_2026-09-16_s0vhxui4_North-Bengal-news

নিউজ ডেস্ক; পর্যটনকেন্দ্রে গিয়ে শুধু ছবি তোলা নয়, সেই জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং পরিবেশ সম্পর্কে পর্যটকদের সহজে তথ্য দেওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার প্রস্তাব উঠল। পর্যটন পরিষেবায় কিউআর কোড, ওয়েবসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র ব্যবহার বাড়ানোর দাবি জানিয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষকে লিখিত প্রস্তাব দিয়েছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।

পর্যটন ব্যবসায়ীদের সংগঠনের বক্তব্য, বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ডিজিটাল পরিষেবা চালু হচ্ছে। পর্যটন ক্ষেত্রেও একইভাবে প্রযুক্তিকে কাজে লাগানো গেলে ভ্রমণ আরও তথ্যসমৃদ্ধ এবং সহজ হতে পারে। পর্যটন দফতরের ওয়েবসাইটকে এমনভাবে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে পর্যটকেরা আগে থেকেই নিজেদের পছন্দ অনুযায়ী গন্তব্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।

শুধু ওয়েবসাইট নয়, পর্যটনকেন্দ্রগুলিতেও কিউআর কোড ব্যবহারের প্রস্তাব রয়েছে। যেমন, কোচবিহার রাজবাড়িতে গিয়ে কোনও পর্যটক নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলেই মোবাইলে ওই স্থানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন। একইভাবে কালিম্পংয়ের নেওড়া ভ্যালির মতো জায়গায় স্থানীয় জীববৈচিত্র্য, পাখি বা দর্শনীয় স্থান সম্পর্কেও আগাম তথ্য পাওয়ার ব্যবস্থা করা যেতে পারে।

এই ব্যবস্থার জন্য প্রয়োজন একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস। পর্যটনকেন্দ্রগুলির ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, যাতায়াত ব্যবস্থা এবং স্থানীয় বৈশিষ্ট্য নিয়ে তথ্য সংগ্রহ করে তা পর্যটকদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার পরিকাঠামো তৈরির আবেদন জানানো হয়েছে।

নেটওয়ার্কের সাধারণ সম্পাদক তন্ময় গোস্বামী জানিয়েছেন, কোনও পর্যটনস্থানে যাওয়ার আগে এবং সেখানে পৌঁছনোর পর সেই এলাকার সম্পর্কে জানার সুযোগ থাকা জরুরি। সেই কারণেই ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরির প্রয়োজন রয়েছে বলে তাঁদের মত।

পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, পর্যটন দফতরের তরফে ইতিমধ্যেই একটি অ্যাপ তৈরির কাজ চলছে। পাশাপাশি ওয়েবসাইট উন্নয়নের কাজও হচ্ছে। কিউআর কোড ব্যবহারের প্রস্তাবটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

No Comments