Homeকলকাতাক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নির্দেশে স্থগিতাদেশ, দমকলের নোটিস নিয়ে হাইকোর্টে কী হল?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নির্দেশে স্থগিতাদেশ, দমকলের নোটিস নিয়ে হাইকোর্টে কী হল?

নিউজ ডেস্ক; ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর নিয়ে আপাতত স্বস্তি মিলল। দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ফলে এখনই ওই
resizeplus_Screenshot 2026-09-16 113728_edited

নিউজ ডেস্ক; ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর নিয়ে আপাতত স্বস্তি মিলল। দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ফলে এখনই ওই নোটিস কার্যকর করে দফতর খালি করানো যাবে না। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ জানিয়েছে, মামলাটি নিয়ে পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর।

ক্যামাক স্ট্রিটের ওই বাণিজ্যিক ভবনে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দমকল বিভাগের পরিদর্শনের পর বেশ কিছু ত্রুটির কথা সামনে আসে। দমকলের তরফে জানানো হয়েছিল, ভবনের সংশ্লিষ্ট অংশের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং তা নবীকরণ করা হয়নি। পাশাপাশি, পরিদর্শনে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত আরও কিছু ঘাটতির কথাও উল্লেখ করা হয়।

এর পর গত ৪ সেপ্টেম্বর দমকল বিভাগ সংশ্লিষ্ট অংশ খালি করার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। মামলার শুনানিতে দলের আইনজীবী কিশোর দত্ত জানান, প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ করতে তাঁরা প্রস্তুত। তবে লিজ় চুক্তি অনুযায়ী এই নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব ভবন-মালিকের বলে দাবি করেন তিনি।

অন্য দিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিত নাথ মিত্র আদালতে জানান, পরিদর্শনের সময় অগ্নি-নিরাপত্তা বিধি লঙ্ঘনের বেশ কিছু বিষয় নজরে এসেছিল। ভবনের মালিকপক্ষের আইনজীবীও আলাদা অবস্থান তুলে ধরে লিজ় বাতিলের কথা জানান। ফলে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব কার, তা নিয়েও শুনানিতে প্রশ্ন ওঠে।

বিচারপতি কৃষ্ণা রাও পর্যবেক্ষণ করেন, সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়ার সুযোগ রয়েছে কি না, তা দেখা দরকার। আদালতের বক্তব্য অনুযায়ী, বিষয়টি এমন কোনও তাৎক্ষণিক বিপদের পরিস্থিতি নয় যে সঙ্গে সঙ্গে দফতর খালি করতেই হবে।

তবে আদালতের এই নির্দেশকে চূড়ান্ত রায় হিসেবে দেখা হচ্ছে না। আপাতত ৪ সেপ্টেম্বরের দমকলের নোটিসের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা যাবে না। ১৬ সেপ্টেম্বর মামলাটি ফের শুনবে হাই কোর্ট। সেদিন অগ্নি-নিরাপত্তা, লিজ় এবং দফতর খালি করার নির্দেশ নিয়ে পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর থাকবে।

No Comments