Last updated: August 29th, 2026 at 11:05 am

নিউজ ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসভা থেকে দলত্যাগী জনপ্রতিনিধি ও বিরোধীদের উদ্দেশ্যে একযোগে বেনজির আক্রমণ শানালেন শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদের পদ খারিজ করানোর খোলা প্রতিজ্ঞা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জোড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম অর্থাৎ ‘জেন-জি’ (Gen-Z)-র আন্দোলনকেই পরিবর্তনের মূল চাবিকাঠি বলে অভিহিত করেন কল্যাণ।
শুক্রবার সমাবেশের মঞ্চ থেকে শ্রীরামপুরের সাংসদ প্রথমেই শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ভারতের বর্তমান রাজনীতিকে নতুন দিশা দেখানোর ক্ষেত্রে ছাত্র ও তরুণ সমাজই সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক দলগুলি যা পারেনি, ‘জেন-জি’ তা করে দেখিয়েছে। কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয়, তা আজ স্পষ্ট। লড়াইয়ের পথ যতই কঠিন হোক, ছাত্র পরিষদকে পিছু হটলে চলবে না।”
এর পরেই দলত্যাগীদের প্রতি সুর চড়িয়ে মারাত্মক হুঙ্কার দেন কল্যাণ। দল ছেড়ে যাওয়া সাংসদদের নিশানা করে তিনি দাবি করেন, যাঁরা নিঃস্বার্থ ও সততার সঙ্গে রাজনীতি করেন, তাঁরা আজও এই দলেই আছেন। আর যাঁরা অসৎ, তাঁরাই তড়িঘড়ি পাল্টি খেয়ে অন্য শিবিরে আশ্রয় নিয়েছেন। কল্যাণ খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমি কথা দিয়ে যাচ্ছি, ওই ২০ জন দলত্যাগী সাংসদের পদ খারিজ করিয়েই ছাড়ব। আগামী এক বছরের মধ্যে ওই আসনগুলিতে উপনির্বাচন হবে। তখন দেখা যাবে বিরোধীদের কার কত ক্ষমতা!” শুধু সাংসদই নয়, দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের বার্তা দিয়ে তিনি যোগ করেন, “২০ জনকে দিয়ে শুরু করেছি, বাকি ৬০ জনের বিরুদ্ধেও দ্রুত একই ব্যবস্থার সূচনা হবে।”
এর পর সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলে দুটো তীক্ষ্ণ চ্যালেঞ্জ ছুড়ে দেন কল্যাণ। প্রথমত, ভবানীপুরের নির্বাচন ও গণনার সিসিটিভি (CCTV) ফুটেজ রাজ্যবাসীর সামনে প্রকাশ্যে আনা এবং সেখানে পুনরায় গণনার দাবি জানান তিনি। দ্বিতীয়ত, শুভেন্দুর ‘বন্দে মাতরম’ উচ্চারণ নিয়ে কটাক্ষ করে বলেন, “দুপুর ৩টের সময় বন্দে মাতরম গাওয়ার চ্যালেঞ্জ ছুড়ছেন? বেশ তো, আপনি নিজে একা দাঁড়িয়ে বন্দে মাতরম-এর মাত্র ৪টি পংক্তি নির্ভুল গেয়ে শুনান!” সব মিলিয়ে, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments