Last updated: August 29th, 2026 at 03:25 pm

নিউজ ডেস্ক: বিপদের দিনে প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানোর দীর্ঘ ঐতিহ্য বজায় রেখে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মানবিক মুখ তুলে ধরল ভারত। সাম্প্রতিক প্রলয়ঙ্করি বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপালের সহায়তায় এগিয়ে এল নরেন্দ্র মোদী সরকার। দুর্যোগ কবলিত হিমালয়ের দেশটির জন্য শুক্রবারই এক বিশাল ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জরুরি ওষুধপত্র, শুকনো খাবার, ত্রিপল এবং অস্থায়ী আশ্রয়ের প্রয়োজনীয় সরঞ্জাম সহ মোট ৬২ টন ত্রাণসামগ্রী সরাসরি কাঠমান্ডুতে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কায় নেপালের বিস্তীর্ণ অঞ্চল যখন যোগাযোগ বিচ্ছিন্ন এবং সেখানে উদ্ধারকাজ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন, ঠিক সেই সময়েই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি। নেপালের এই কঠিন সময়ে আন্তর্জাতিক মহলের মধ্যে ভারতই প্রথম বৃহৎ শক্তি হিসেবে সরাসরি মাটি ছুঁয়ে মানবিক সহায়তা পৌঁছে দিল। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই তাৎক্ষণিক পদক্ষেপে প্রতিবেশী দেশগুলির যে কোনও সঙ্কটে ভারতের ‘ফার্স্ট রেসপন্ডার’ বা ‘প্রথম সাড়াদানকারী’ হিসেবে গড়ে ওঠা বিশ্বস্ত ভাবমূর্তি আরও একবার দৃঢ় হলো।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে যে কোনও বড় দুর্যোগে নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দীর্ঘ রেকর্ড রয়েছে ভারতের। এর আগে তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পের সময় ‘অপারেশন দোস্ত’-এর মাধ্যমে উদ্ধারকারী দল পাঠায় দিল্লি। একইভাবে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া, সাইক্লোন আক্রান্ত মায়ানমার, মারাত্মক অর্থনৈতিক ও প্রাকৃতিক সংকটে পড়া শ্রীলঙ্কা এমনকি সুদূর ভেনেজুয়েলার মতো দেশেও জরুরি ওষুধ ও খাদ্য সরবরাহ করেছিল ভারত।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নেপালের দুর্গম ও বন্যা প্লাবিত এলাকাগুলিতে যেখানে দুর্গত মানুষরা খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন, সেখানে এই ৬২ টন ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা ও বিশেষ উদ্ধারকারী পরিকাঠামোকে প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। হিমালয় ঘেরা প্রতিবেশীর এই চরম বিপদে ভারত কেবল খাদ্য বা ওষুধ পাঠিয়েই ক্ষান্ত থাকেনি, বরং উদ্ধারকাজে প্রযুক্তিগত সহযোগিতারও পূর্ণ আশ্বাস দিয়েছে। দিল্লির এই দ্রুত ও সংবেদনশীল পদক্ষেপে সাময়িক ভাবে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে দুর্গত নেপাল।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments