
নিউজ ডেস্ক:হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। লিলুয়ার একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে অপহৃত পেয়ারেলাল পাসিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ পুলিশ টিম। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ একাধিক সামগ্রী উদ্ধারের দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর হাওড়া স্টেশন চত্বর সংলগ্ন এলাকা থেকে পেয়ারেলালকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। একটি বাইক এবং একটি স্কুটিতে করে তিন জন এসে তাঁকে অপহরণ করে বলে তদন্তে উঠে এসেছে। এর পর তাঁকে লিলুয়া থানা এলাকার ঝিল রোড বা বি রোড সংলগ্ন একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি।
পরিবারের তরফে যোগাযোগের চেষ্টা করেও ব্যবসায়ীর কোনও খোঁজ না মেলায় থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্তে নামে গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মোবাইল টাওয়ারের অবস্থানও বিশ্লেষণ করা হয়। সেই সূত্র ধরেই লিলুয়ার ওই আবাসনের সন্ধান পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে লিলুয়া ও গোলাবাড়ি থানার পুলিশ যৌথ ভাবে ওই আবাসনে অভিযান চালায়। ফ্ল্যাট থেকে পেয়ারেলালকে উদ্ধার করা হয়। একই সঙ্গে সেখানে থাকা সাত জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তল্লাশিতে সাতটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড কার্তুজ, ন’টি মোবাইল ফোন, একটি ট্যাব এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, মুক্তিপণের উদ্দেশ্যেই ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তদন্তকারীদের আরও ধারণা, ধৃতদের কয়েক জনের সঙ্গে ব্যবসায়ীর আগে থেকেই পরিচয় থাকতে পারে। তবে অপহরণের নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পিছনে আরও কেউ জড়িত কি না, সেই তথ্যও জানার চেষ্টা চলছে।
শুক্রবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারীরা ধৃতদের অতীত অপরাধের রেকর্ড এবং এই ঘটনায় কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন।
হাওড়া স্টেশন সংলগ্ন ব্যস্ত এলাকা থেকে দিনের আলোয় অপহরণের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত তদন্ত করে অপহৃতকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করলেও, ঘটনার নেপথ্যের সম্পূর্ণ কারণ এখনও স্পষ্ট নয়। সেই উত্তর খুঁজতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে হাওড়া সিটি পুলিশ।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments