Last updated: October 4th, 2026 at 06:59 pm

নিউজ ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে দুই সন্দেহভাজন অনুপ্রবেশকারীর মৃত্যুর ঘটনার পর এবার কূটনৈতিক স্তরেও শুরু হয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপ। শনিবার পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার তথা Chargé d’Affaires-কে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
ঘটনার সূত্রপাত ২ অক্টোবর। পঞ্জাবের তারন তারন সেক্টরের রাজোকে সীমান্ত চৌকির কাছে কয়েকজন সন্দেহভাজনকে ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে দেখা যায়। ভারতীয় নিরাপত্তা সূত্রের দাবি, বিএসএফ বার বার তাঁদের সতর্ক করে পিছিয়ে যেতে বললেও তাঁরা এগিয়ে আসছিলেন। এরপর নিরাপত্তার স্বার্থে গুলি চালানো হয়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়। আরও এক ব্যক্তি পাকিস্তানের দিকে ফিরে যায় বলে ভারতীয় পক্ষের দাবি।
এই ঘটনার পরই ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তানের কূটনীতিককে তলব করা হয়। দিল্লির বক্তব্য, পাকিস্তানের দিক থেকে বেআইনি অনুপ্রবেশে বারবার মদত দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। ভারত আরও দাবি করেছে, সীমান্ত পারাপারের এই ধরনের ঘটনা পাকিস্তান থেকে পরিচালিত মাদক পাচারকারী চক্রের গতিবিধির সঙ্গেও যুক্ত হতে পারে।
পাকিস্তানের অবশ্য সম্পূর্ণ ভিন্ন দাবি। ইসলামাবাদের বক্তব্য, নিহত ব্যক্তিরা সশস্ত্র অনুপ্রবেশকারী ছিলেন না, তাঁরা সাধারণ নাগরিক এবং ভুলবশত সীমান্ত অতিক্রম করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানও ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।
পাকিস্তানের এই অভিযোগকে সরাসরি খারিজ করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের বক্তব্য, ফ়িরোজপুর সেক্টরের ঘটনাকে ঘিরে পাকিস্তানের অভিযোগ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। ভারতের দাবি, সীমান্তে থাকা বিএসএফ জওয়ানদের একাধিক সতর্কবার্তার পরেও সন্দেহভাজনরা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং পরিস্থিতিকে নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখা হয়েছিল।
একইসঙ্গে পাকিস্তানকে আন্তর্জাতিক সীমান্তের মর্যাদা বজায় রাখার বার্তা দিয়েছে ভারত। দ্বিপাক্ষিক ব্যবস্থাগুলি মেনে চলার পাশাপাশি নিজেদের ভূখণ্ড থেকে যাতে অননুমোদিত ভাবে কেউ সীমান্ত পার হতে না পারেন, তা নিশ্চিত করতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে নয়াদিল্লি।
ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ফের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং মাদক পাচারের অভিযোগ—সব মিলিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে দু’দেশই।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments