Last updated: October 4th, 2026 at 08:02 pm

নিউজ ডেস্ক, নরেন্দ্রপুর: মোবাইলে ‘পেমেন্ট সাকসেসফুল’—মেসেজ দেখেই বিশ্বাস করেছিলেন সোনার দোকানের ব্যবসায়ী। কিন্তু পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করতেই দেখা গেল, এক টাকাও জমা পড়েনি। এই কায়দায় সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম মধুরিমা দাস। তিনি কলকাতার লেক থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তকারীদের দাবি, প্রথমে বিভিন্ন সোনার দোকান সম্পর্কে খোঁজখবর নিতেন ওই মহিলা। এরপর ক্রেতা সেজে দোকানে ঢুকে পছন্দ করতেন গয়না। দাম মেটানোর সময় অনলাইন পেমেন্টের কথা বলে মোবাইলে একটি মেসেজ দেখানো হত। সেই মেসেজ দেখে ব্যবসায়ীদের মনে হত, তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। গয়না হাতে পাওয়ার পর দোকান থেকে বেরিয়ে যেতেন তিনি। পরে অ্যাকাউন্ট পরীক্ষা করলে দেখা যেত, বাস্তবে কোনও টাকাই জমা পড়েনি।
নরেন্দ্রপুর থানা এলাকার কালীবাজারের একটি সোনার দোকানেও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ। দোকানের কর্ণধার তারক কর্মকারের দাবি, এক মহিলা গয়না পছন্দ করার পর অনলাইনে টাকা দেওয়ার কথা বলেন। এরপর তাঁর মোবাইলে টাকা জমা পড়ার মতো একটি মেসেজ দেখানো হয়। কিন্তু পরে লেনদেন খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি এবং পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেন।
অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চৌহাটি এলাকার আরও একটি সোনার দোকানেও একই মহিলা গয়না কিনতে গিয়েছিলেন। সেখানে তাঁর আচরণে সন্দেহ হওয়ায় দোকানদার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় এবং তাঁর বিরুদ্ধে জালিয়াতির মামলা রুজু হয়েছে। কিছু সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে বাদুড়িয়া, খড়দহ, রাজারহাট-সহ আরও কয়েকটি এলাকার সোনার দোকানে একই ধরনের প্রতারণার অভিযোগের কথা সামনে এসেছে। এই ঘটনায় ওই মহিলা একাই যুক্ত, নাকি আরও কেউ তাঁর সঙ্গে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় সোনার ব্যবসায়ীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু মোবাইলে আসা ‘পেমেন্ট সাকসেসফুল’ মেসেজ দেখে গয়না হস্তান্তর না করে, নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সত্যিই জমা পড়েছে কি না যাচাই করার পরেই পণ্য দেওয়ার পরামর্শ ব্যবসায়ী মহলের।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments