
নিউজ ডেস্ক: দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পেছনে সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আল-কায়দা’ (Al-Qaida)-র হাত ছিল। সম্প্রতি প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে রাষ্ট্রপুঞ্জের (UN) নিরাপত্তা কাউন্সিলের মনিটরিং টিম। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আল-কায়দার সহযোগী সংগঠন ‘আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (AQIS) এই নাশকতামূলক হামলার ছক কষেছিল এবং তারা বর্তমানে আফগানিস্তান থেকে শুরু করে সমগ্র দক্ষিণ এশিয়ায় নিজেদের নেটওয়ার্ক প্রসারের চেষ্টা চালাচ্ছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ১০ নভেম্বর। ওই দিন দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে, যার জেরে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ঘটনার তদন্তে নেমে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফ্যাকাল্টির প্রাক্তন সহকারী অধ্যাপক উমর উন-নবীকে এই নাশকতার মূল মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করে। তবে উক্ত বিস্ফোরণেই মৃত্যু হয়েছিল অভিযুক্ত উমরের। এনআইএ-র প্রাথমিক তদন্তেও এটি কিউআইএস (AQIS)-এর একটি বড়সড় জঙ্গি মডিউলের কাজ বলেই উঠে এসেছিল।
রাষ্ট্রপুঞ্জের মনিটরিং টিমের রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, আল-কায়দার এই শাখাটি বর্তমানে লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক মজবুত করার মাধ্যমে নতুন ‘সেল’ গঠন করছে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করে সমগ্র অঞ্চলে সন্ত্রাসী কাজকর্ম ছড়ানোর পাঁয়তারা করছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সুনিশ্চিত করতে এই জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments