Homeউত্তর ২৪ পরগনাহাবড়াবাংলাদেশ পালানোর পথে হাবড়ায় ধৃত আইএসআই এজেন্ট! পাক সেনার প্রাক্তন কর্মীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশ পালানোর পথে হাবড়ায় ধৃত আইএসআই এজেন্ট! পাক সেনার প্রাক্তন কর্মীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য

jangi

নিউজ ডেস্ক: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ (Bengal STF)। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পাকিস্তান সেনার প্রাক্তন জওয়ান তথা পাক গুপ্তচর সংস্থা ‘আইএসআই’ (ISI)-এর এক বিপজ্জনক এজেন্টকে হাতেনাতে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃত আইএসআই এজেন্টের নাম রানা রউফ খালিদ, সে পাকিস্তানের ফয়জলাবাদের হাফিজাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, সীমান্ত পার করে বাংলাদেশের যশোরে পৌঁছানোর কথা ছিল তার, সেখানে পাভেল নামের এক সহযোগী তার জন্য অপেক্ষা করছিল।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে নেপাল হয়ে বিহারের রক্সৌল দিয়ে ভারতে প্রবেশ করে রউফ খালিদ। পরবর্তীতে কলকাতার তপসিয়ায় আস্তানা গেড়ে ‘ওয়াহাব আলম’ ছদ্মনামে জাল ভারতীয় নথিপত্র তৈরি করে নির্বিঘ্নে ভুয়ো ভারতীয় নাগরিক সেজে বসবাস করছিল সে। এমনকি এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে সে ভোটও দিয়েছে বলে উঠে এসেছে তদন্তে। রউফ খালিদকে ভারতে স্থায়ী বসতি ও নকল পরিচয়পত্র (যেমন ভারতীয় ভোটার কার্ড ও অন্যান্য নথি) বানিয়ে দিতে প্রত্যক্ষ মদত দিয়েছিল তপসিয়ার বাসিন্দা মহম্মদ ইজাজ। তাকেও গ্রেফতার করেছে এসটিএফ। বুধবার বারাসত আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারীদের দাবি, পাকিস্তান সেনার প্রাক্তন এই কর্মীকে বিশেষ মিশন বা ‘অ্যাসাইনমেন্ট’ দিয়ে ভারতে পাঠিয়েছিল আইএসআই-এর স্পেশাল ডেস্ক। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম, নৌঘাঁটি, গুরুত্বপূর্ণ রেল স্টেশন, বিএসএফ ক্যাম্প ও দূরপাল্লার এলিট ট্রেনের রুট ম্যাপ সংক্রান্ত স্পর্শকাতর ছবি ও তথ্য নিয়মিত পাকিস্তানে পাঠাত সে। সম্প্রতি রেলে নাশকতার ছক ও বিদেশি নাগরিকদের পণবন্দি করার নতুন দায়িত্ব পেয়েছিল রউফ। অন্যদিকে, তপসিয়ার ইজাজ কলকাতায় আইএসআই-এর লজিস্টিক সেল সামলাত এবং নেপাল থেকে আসা এজেন্টদের ভারতীয় নথিপত্র বানিয়ে দেওয়ার কাজ করত।

গ্রেফতারির সময় রউফ নিজেকে ‘ওয়াহাব আলম’ বলে দাবি করে জেরায় বিভ্রান্ত করার চেষ্টা করলেও, তার কাছ থেকে মেলা একটি গোপন নোটবুক থেকে তার আসল পাকিস্তানি পাসপোর্টের নম্বর পেয়ে যান গোয়েন্দারা। এতেই ফাঁস হয়ে যায় তার আসল পরিচয়। উদ্ধার হয়েছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের একাধিক মোবাইল নম্বর। সীমান্ত পার হওয়ার আগে নিজের ব্যবহৃত মোবাইলটি নষ্ট করে ফেললেও সেই সিম কার্ডের সূত্র ধরে হোয়াটসঅ্যাপ চ্যাট ও মেসেজ ডিকোড করার চেষ্টা চলছে। নোটবুক থেকে কাসিফ, হানিফ চৌধুরি, সোহেল, জেবি এবং হারুণ সর্দার—এই পাঁচ প্রধান আইএসআই হ্যান্ডলারের নাম হাতে এসেছে এসটিএফ-এর।

No Comments

আরও পড়ুন

Copyright 2026 NGTV News. All rights reserved