Last updated: October 7th, 2026 at 04:55 pm

নিউজ ডেস্ক: রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হলেও ভোটের পরিবেশ নিয়ে বিতর্ক থামছে না। বিরোধী দলগুলির অভিযোগ, গুলি-বোমা বা বড় ধরনের রক্তপাত না হলেও বিভিন্ন বুথে ‘নিঃশব্দ সন্ত্রাস’-এর পরিস্থিতি তৈরি হয়েছিল। ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া, বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়া এবং ভোটে অনিয়মের অভিযোগ তুলে গোটা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছে কংগ্রেস-সহ বিরোধী শিবির।
কংগ্রেসের অভিযোগ, রেজিনগরের বহু বুথে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের একাংশকেও ভয় দেখানো বা বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। দলের প্রার্থী মহম্মদ আবদুল্লাহিল কাফি ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করার দাবিতে রেজিনগর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। পরে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও কমিশনের কাছে গোটা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানায়।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও রেজিনগরের ভোট নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, বর্তমানে ভোটে প্রকাশ্য হিংসার বদলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিরোধীদের অভিযোগ অনুযায়ী ভোটার ও এজেন্টদের উপর বিভিন্ন ভাবে চাপ তৈরি করা হয়েছে। বহু বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
শুধু কংগ্রেস নয়, তৃণমূলের দুই শিবির এবং বামেদের তরফেও ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ, বেশ কিছু বুথে বিরোধী এজেন্টদের সরিয়ে দিয়ে ভোটপ্রক্রিয়ায় একতরফা পরিবেশ তৈরি করা হয়েছিল। একটি শিবিরের প্রার্থী রবিউল আলম অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। সিপিএমের প্রার্থীও ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন।
এই সমস্ত অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করেছে বিজেপি। বিজেপির প্রার্থী শাখারভ সরকার দাবি করেছেন, রেজিনগরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন এবং বড় ধরনের কোনও হিংসার ঘটনা ঘটেনি। পুনর্নির্বাচনের দাবি নিয়ে বিজেপির আপত্তি রয়েছে বলেও তিনি জানিয়েছেন। দলের বক্তব্য, বিরোধীরা ভোটের ফল নিয়ে আশঙ্কা থেকেই এই ধরনের অভিযোগ তুলছে।
ভোটের দিন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে পুলিশ আটক করার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে। পরে প্রায় ১২ ঘণ্টা পর তিনি ছাড়া পান। হুমায়ুনও ভোটে অনিয়ম এবং তাঁর দলের এজেন্টদের সরিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রেজিনগরে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৭৮.৪২ শতাংশ ভোট পড়েছিল। ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে একাধিক অভিযোগ জমা পড়ে। এখন সেই অভিযোগগুলি কমিশন কী ভাবে খতিয়ে দেখে এবং পুনর্নির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments