Last updated: September 15th, 2026 at 07:29 pm

নিউজ ডেস্ক: বর্ষার মরশুমের দীর্ঘ বিরতির পর ফের পর্যটকদের জন্য খুলতে চলেছে ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় গন্তব্য গরুমারা জাতীয় উদ্যান। আগামী বুধবার থেকেই পর্যটকদের জন্য জঙ্গলের দরজা খুলে দেওয়া হবে। দুর্গাপুজোর মরশুম শুরুর ঠিক আগে গরুমারা খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটন ব্যবসায়ী, গাইড এবং ভ্রমণপ্রেমীরা।
প্রতি বছর বন্যপ্রাণীদের প্রজনন এবং জঙ্গলের পরিবেশগত ভারসাম্যের কথা মাথায় রেখে বর্ষার সময়ে নির্দিষ্ট সময়ের জন্য গরুমারা জাতীয় উদ্যান বন্ধ রাখা হয়। প্রায় তিন মাসের সেই বিরতির পর এবার ফের সাফারির সুযোগ পাবেন পর্যটকেরা।
গরুমারার অন্যতম প্রধান আকর্ষণ একশৃঙ্গ গণ্ডার। এবারের পর্যটন মরশুমে সেই গণ্ডার নিয়েই বন দফতরের তরফে মিলেছে আশাব্যঞ্জক খবর। গরুমারা ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়েছে। যদিও গত বছরের বন্যায় দুটি গণ্ডারের মৃত্যু হয়েছিল এবং প্রাকৃতিক কারণেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবুও সামগ্রিক গণনায় গণ্ডারের সংখ্যা বৃদ্ধিকে ইতিবাচক হিসাবেই দেখছে বন দফতর।
পর্যটকদের স্বাগত জানাতে জঙ্গলের পরিকাঠামোও প্রস্তুত করা হয়েছে। বর্ষার পরে গুরুত্বপূর্ণ রাস্তা পরিষ্কার ও প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ হয়েছে। মূর্তি নদীর আশপাশের এলাকাতেও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাফারির অন্যতম আকর্ষণ রামসাই ও মেদলা ওয়াচ টাওয়ার-সহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলিও প্রস্তুত। পাশাপাশি বন দফতরের অধীন চারটি বনবাংলোও পর্যটকদের জন্য চালু করা হচ্ছে। সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে থাকার জায়গা বুক করা যাবে।
তবে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে এবারও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে পর্যটকদের। বন দফতরের নির্দেশ অনুযায়ী, প্লাস্টিকজাত সামগ্রী নিয়ে জঙ্গলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বন্যপ্রাণীদের স্বাভাবিক আচরণ যাতে মানুষের উপস্থিতিতে ব্যাহত না হয়, তার জন্য পর্যটকদের হালকা বা মেঠো রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
শরতের নীল আকাশ, কাশফুল, মূর্তি নদী আর সবুজ অরণ্যের হাতছানিতে পুজোর আগে নতুন করে জমে উঠতে চলেছে ডুয়ার্সের পর্যটন। আর গরুমারা খোলার সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গে শুরু হতে চলেছে নতুন পর্যটন মরশুম।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments