Last updated: August 29th, 2026 at 11:05 am

নিউজ ডেস্ক: পুরভোটের আগে ফের অস্বস্তিতে শাসকদল। প্রোমোটারের সঙ্গে যোগসাজশ করে ফ্ল্যাট মালিকের টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষের বিরুদ্ধে। অভিযোগকারিণী শ্যামপুকুর থানায় প্রাক্তন কাউন্সিলর ও প্রমোটারের নামে লিখিত এফআইআর (FIR) দায়ের করেছেন।
ঘটনার সূত্রপাত ২০২০ সালে। ৭ নম্বর ওয়ার্ডের গোপীমোহন দত্ত লেনের বাসিন্দা অনিতা সাউয়ের দাবি, তাঁদের জমিতে বহুতল নির্মাণের জন্য বাবুলাল নামে এক স্থানীয় প্রোমোটারের সঙ্গে চুক্তি হয়। কথা ছিল, জি+৩ (G+3) বহুতল তৈরি করে পরিবারটিকে একটি ফ্ল্যাট, একটি দোকানঘর এবং ১০ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু অভিযোগ, বহুতলটি জি+৫ (G+5) হয়ে গেলেও আজ পর্যন্ত প্রাপ্য বকেয়া টাকা পাননি অনিতাদেবী।
অভিযোগকারিণীর মেয়ের দাবি, তাঁদের বাবা মারা যাওয়ার পর অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ চালানোর মতো অর্থও ছিল না পরিবারের কাছে। নিরুপায় হয়ে টাকা চাইতে বারবার প্রোমোটার ও প্রাক্তন কাউন্সিলরের কাছে গেলে মিলত কেবলই প্রত্যাখ্যান। টাকা চাওয়ায় উল্টে বাপি ঘোষ ও ওই বিল্ডার তাঁদের হুমকি দেন বলে অভিযোগ। এর পরই বাধ্য হয়ে শ্যামপুকুর থানার দ্বারস্থ হয় পরিবারটি।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষ। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “চুক্তি কার সঙ্গে হয়েছিল? উনি কার থেকে টাকা পাবেন— কাউন্সিলরের থেকে, নাকি ডেভলপারের থেকে? এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ।” পুরভোটের বাদ্যি বাজার মুখে এই ধরনের অভিযোগে কলকাতার রাজনীতিতে রাজনৈতিক তরজা যে আরও উস্কে গেল, তা বলাই বাহুল্য।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments