Last updated: August 28th, 2026 at 06:37 pm
পেঁয়াজের দাম বিকোচ্ছে ষাটের কোঠায়! রাজধানীর বাজারে স্বস্তি ফেরাতে নাসিক থেকে এল ‘কান্দা এক্সপ্রেস’নিউজ ডেস্ক: উৎসবের মরসুমের আগেই রান্নাবান্নার অন্যতম প্রধান অনুসঙ্গ পেঁয়াজের দাম বিকোচ্ছে মহার্ঘ্য হারে। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজের খুচরো দর কেজিপ্রতি ৫০ টাকা ছাড়িয়ে শেষমেশ ৬২ টাকায় গিয়ে ঠেকেছে। গত এক বছরে এই দর বৃদ্ধি প্রায় ৮৮ শতাংশ। লাগামহীন এই মূল্যবৃদ্ধির আঁচে লাগাম টানতে এবং রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় পেঁয়াজের জোগান স্বাভাবিক করতে ময়দানে নামল কেন্দ্র। মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় ৪৫৩.৬৫ টন পেঁয়াজ বোঝাই ২১টি ওয়াগনের বিশেষ ‘কান্দা এক্সপ্রেস’ শুক্রবার এসে পৌঁছাল দিল্লিতে।
প্রশাসনিক সূত্রের খবর, ট্রেনটি বুধবারই দিল্লিতে পৌঁছনোর কথা থাকলেও নাসিকে স্থানীয় কয়েকটি গোষ্ঠীর প্রতিবাদের জেরে যাত্রা বিলম্বিত হয়। পরে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে নাসিক থেকে রওনা দেয় এই বিশেষ মালগাড়িটি। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন, এই দফায় নিয়ে আসা পেঁয়াজ দিল্লি-এনসিআর (Delhi-NCR) এলাকায় কেজিপ্রতি ৩৫ টাকা ভর্তুকি মূল্যে সরাসরি সাধারণ মানুষের জন্য বিক্রি করা হবে। এ ছাড়া লুধিয়ানা, চণ্ডীগড় এবং জম্মুর মতো সংলগ্ন শহরগুলিতেও এই পেঁয়াজ সরবরাহ করা হবে।
বর্তমানে কেন্দ্র সরকারের বাফার স্টকে প্রায় ১.২১ লক্ষ টন পেঁয়াজ মজুত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি বাফার স্টকের এই পেঁয়াজ খোলা বাজারে ঢুকতেই আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লির খুচরো বাজারে দাম নামতে শুরু করবে।
কেবল দিল্লি নয়, দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও পেঁয়াজের সরবরাহ বাড়াতে ট্রেন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারই চেন্নাইয়ের উদ্দেশে আরও একটি ‘কান্দা এক্সপ্রেস’ পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর পর পর্যায়ক্রমে মাদুরাই, এরনাকুলাম এবং গুয়াহাটিতেও এই পেঁয়াজ পাঠানো হবে। যদিও দাম বৃদ্ধি নিয়ে সাময়িক উদ্বেগ রয়েছে, তবুও দেশে পেঁয়াজের সামগ্রিক জোগান নিয়ে আতঙ্কের কিছু নেই বলেই আশ্বস্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রক।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments