
নিউজ ডেস্ক: চাকরির পরীক্ষার প্রস্তুতিতে টাকার অভাব যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যেই পুলিশের উদ্যোগে তৈরি হয়েছিল বিশেষ পাঠশালা। আর সেই পাঠশালাতেই পড়াশোনা ও প্রশিক্ষণ নিয়ে এবার রাজ্য পুলিশে কনস্টেবল হলেন আট তরুণ-তরুণী। ঘটনাটি হুগলির আরামবাগের।
নাম ‘আরামবাগ পাঠশালা’। তবে অনেকের কাছেই এটি কার্যত পুলিশের পাঠশালা। কারণ, এখানে পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়েছেন পুলিশ আধিকারিকরাই। পুলিশের চাকরির পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ—সব ক্ষেত্রেই পড়ুয়াদের তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই প্রশিক্ষণের জন্য পড়ুয়াদের কোনও টিউশন ফি দিতে হয়নি।
২০২৫ সালে আরামবাগে পুলিশের উদ্যোগে এই বিশেষ পাঠশালা গড়ে ওঠে। এলাকার বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতির সুযোগ করে দেওয়াই ছিল মূল লক্ষ্য। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কী ভাবে প্রস্তুতি নিতে হবে, মাঠের পরীক্ষার জন্য কী ধরনের অনুশীলন প্রয়োজন এবং ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি কী ভাবে হতে হবে—এসব বিষয়েই দেওয়া হত প্রশিক্ষণ।
পাঠশালায় বিভিন্ন সময়ে ক্লাস নিয়েছেন আরামবাগের প্রাক্তন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার তৎকালীন আইসি রাকেশ সিং এবং তৎকালীন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশীস সেন-সহ একাধিক পুলিশ আধিকারিক। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক এবং কলেজের অধ্যাপকেরাও পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়েছেন। পাঠশালা থেকেই তাঁদের হাতে বইপত্রও তুলে দেওয়া হয়েছিল।
এই প্রশিক্ষণের পর এবার সাফল্য এসেছে। রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ২০২৫-২৬ সালের চূড়ান্ত মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন মানস চাংদার, সুকদেব মণ্ডল, উৎপল মণ্ডল, শেখ ফারুক হোসেন, অমিত ঘোষ, সনাতন মল্লিক, শ্রেয়া দোলুই এবং অঙ্কিতা সাধুখাঁ। তাঁদের মধ্যে অনেকেই সাধারণ পরিবারের সন্তান।
জানা গিয়েছে, আরামবাগ পাঠশালা তৈরির উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুগলি গ্রামীণ পুলিশের তৎকালীন পুলিশ সুপার কামনাশীস সেনের। তাঁর ভাবনাকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হন তৎকালীন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। ২০২৫ সালের ২৪ মে পাঠশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আরামবাগের পল্লিশ্রী এলাকায় আরামবাগ রাইস মিল অ্যাসোসিয়েশনের ভবনে প্রতি শনি ও রবিবার ক্লাস নেওয়া হত।
সাফল্যের পর পড়ুয়াদের বক্তব্যেও উঠে এসেছে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার কথা। সফল পরীক্ষার্থীদের কয়েকজন জানিয়েছেন, আরামবাগ পাঠশালার প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পুলিশে চাকরির স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাঠশালার শিক্ষক সুপ্রভাত চক্রবর্তীর কথায়, পড়ুয়াদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের নিষ্ঠা ও সহযোগিতাই এই সাফল্যের অন্যতম কারণ।
একটি বিনামূল্যের প্রশিক্ষণকেন্দ্র থেকে একসঙ্গে আট জনের রাজ্য পুলিশে চাকরি পাওয়ার ঘটনা তাই আরামবাগে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments