Last updated: October 6th, 2026 at 01:48 pm

নিউজ ডেস্ক: নৌকায় নদী পারাপারের টাকা ছিল না হাতে। তাই বাধ্য হয়েই সাঁতরে কংসাবতী নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন ৭০ বছরের বৃদ্ধ। কিন্তু মাঝনদীতে প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া পুলিশ ফাঁড়ির চুবকা এলাকার বেনাডি গ্রামের কাছে। নিখোঁজ বৃদ্ধের নাম বাদল চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত কাজের জন্য রবিবার নদী পেরিয়ে মেদিনীপুরের দিকে গিয়েছিলেন বাদল। কাজ মিটিয়ে বিকেলে বাসে করে এনায়েতপুরে ফেরেন তিনি। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে কংসাবতী নদীর মনিদহ ঘাটে পৌঁছন। নদীর ওপারেই রয়েছে তাঁর গ্রামের ঘাট।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন ছিল। কিন্তু সেই সময় বৃদ্ধের কাছে নৌকার ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। স্থানীয়দের দাবি, বিনা ভাড়ায় নৌকায় পারাপারের সুযোগ না মেলায় শেষ পর্যন্ত সাঁতরে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এর পরই ঘটে বিপত্তি। নদীতে নামার পর জলের প্রবল স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। কিছুক্ষণের মধ্যেই চোখের আড়ালে চলে যান বৃদ্ধ। স্থানীয়রা নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
বাদলের নাতি বিকাশ চালক জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, নদী পার হওয়ার সময় বৃদ্ধের কাছে টাকা ছিল না। তাই সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। জলের স্রোত বেশি থাকায় মুহূর্তের মধ্যেই তাঁকে ভাসিয়ে নিয়ে যায় বলে পরিবারের দাবি।
ঘটনার খবর পেয়ে মানিকপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সোমবার সকাল থেকেই নিখোঁজ বৃদ্ধের সন্ধানে তল্লাশি শুরু করা হয়। পুলিশের তরফে স্পিডবোট নামিয়ে কংসাবতী নদীতে তল্লাশি চালানো হয়েছে। নদীর বিভিন্ন অংশে খোঁজ চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত বাদলের কোনও সন্ধান মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে সমস্যাও তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। বৃদ্ধ জীবিত রয়েছেন কি না, তা নিয়ে পরিবারে উদ্বেগ তৈরি হয়েছে।
এই ঘটনার পর নদী পারাপারের নিরাপত্তা এবং ঘাটে পর্যাপ্ত পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, সাধারণ মানুষের জন্য নদী পারাপারের ব্যবস্থা আরও সহজলভ্য হওয়া প্রয়োজন। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকলে এমন বিপদ ফের ঘটতে পারে।
নিখোঁজ বৃদ্ধের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তাঁর সন্ধান না মেলা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments