Homeদেশতামেংলঙে ফের হামলা, তিন দিনে মৃত ৬! দুই কুকি মহিলাকে গুলি করে খুন

তামেংলঙে ফের হামলা, তিন দিনে মৃত ৬! দুই কুকি মহিলাকে গুলি করে খুন

নিউজ ডেস্ক : ফের উত্তপ্ত মণিপুর। তামেংলং জেলায় নতুন করে হামলায় মৃত্যু হল দুই কুকি মহিলার। মঙ্গলবার বিকেলে জেলার প্রত্যন্ত লেইসাংফাই এলাকায় একটি কৃষিজমিতে কাজ করার সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা
resizeplus_501eceea-8f50-455c-af5e-2f171cc09cce

নিউজ ডেস্ক : ফের উত্তপ্ত মণিপুর। তামেংলং জেলায় নতুন করে হামলায় মৃত্যু হল দুই কুকি মহিলার। মঙ্গলবার বিকেলে জেলার প্রত্যন্ত লেইসাংফাই এলাকায় একটি কৃষিজমিতে কাজ করার সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে খবর। হামলার পরে কয়েকটি অস্থায়ী খামারবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

নিহতদের মধ্যে এক জনের বয়স ৬০ বছর, অন্য জনের বয়স ৩০ বছর বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তাঁরা জ্বালানি কাঠ সংগ্রহ এবং কৃষিকাজের কাজে এলাকায় গিয়েছিলেন। সেই সময়ই হামলা হয়। ঘটনার পর কয়েক জন গ্রামবাসীর খোঁজ মিলছে না বলেও স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। তবে নিখোঁজের বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই হামলার মাত্র দু’দিন আগেই তামেংলং ও সংলগ্ন নোনেই জেলায় পৃথক হামলার ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল। ফলে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে মণিপুরে এই ধারাবাহিক হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ছ’জনে। রবিবারের হামলায় তামেংলংয়ের টোলেন এবং নোনেইয়ের লংপি এলাকায় কুকি বসতিতে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় কয়েক জন আহতও হন।

নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। হামলাকারীরা কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে এবং ঘটনার সঙ্গে কোনও সশস্ত্র গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখনও কোনও সংগঠন প্রকাশ্যে এই হামলার দায় স্বীকার করেনি।

মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে চলা জাতিগত সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে এই ঘটনাগুলি উদ্বেগ বাড়িয়েছে। সাম্প্রতিক হামলাগুলির পর স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন নাগরিক সংগঠনও শান্তি বজায় রাখা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved