Homeজেলাছাত্র বিক্ষোভে অবরুদ্ধ রাজ্য সড়ক, ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর টহল, বারুইপুর আদালতেও উত্তেজনা

ছাত্র বিক্ষোভে অবরুদ্ধ রাজ্য সড়ক, ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর টহল, বারুইপুর আদালতেও উত্তেজনা

resizeplus_eisamay_2026-09-22_0m1zqw0w_az

নিউজ ডেস্ক; ভাঙড় কলেজের সাম্প্রতিক অশান্তির রেশ কাটার আগেই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার বাসন্তী রাজ্য সড়কের একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটকপুকুর থেকে নলমুড়ি পর্যন্ত এলাকায় মিছিল করেন আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট এবং এসএফআই-এর সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

ঘটনার সূত্রপাত সোমবার ভাঙড় কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগকে ঘিরে। এক পক্ষের অভিযোগ, কলেজ চত্বরে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে। তার প্রতিবাদেই মঙ্গলবার পথে নামেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে হবে।

অন্যদিকে, সোমবারের ঘটনায় পুলিশের তরফেও মামলা করা হয়েছে। এক ছাত্রীকে ঘিরে অশালীন আচরণের অভিযোগ এবং কলেজের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ধৃত চার পড়ুয়াকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হলে সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আদালত চত্বরে এসএফআই এবং এবিভিপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান চলে। ধৃত চার জনের মধ্যে দু’জনকে জামিন দেন বিচারক। বাকি দু’জনকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জামিনের পর আদালতের বাইরে ফের বচসা বাধে বলে অভিযোগ। আইনজীবীদের একাংশের সঙ্গেও এবিভিপি সমর্থকদের উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের দাবি, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলার বড় কোনও অবনতি হয়নি।

এদিকে, বিক্ষোভের জেরে বাসন্তী রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাস্তা স্বাভাবিক করা হয়। কলেজ চত্বর থেকে আদালত—দুই জায়গাতেই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির পাল্টাপাল্টি কর্মসূচিতে নতুন করে উত্তেজনা ছড়ানোয় ভাঙড়ের পরিস্থিতির দিকে নজর প্রশাসনের।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved