Homeকলকাতাকার্ড ব্লক করেও মিলল না রেহাই! নাম ভাঁড়িয়ে ৮ লক্ষ টাকা গায়েব, যাদবপুরে বড়সড় সাইবার জালিয়াতি

কার্ড ব্লক করেও মিলল না রেহাই! নাম ভাঁড়িয়ে ৮ লক্ষ টাকা গায়েব, যাদবপুরে বড়সড় সাইবার জালিয়াতি

নিউজ ডেস্ক: ক্রেডিট ও ডেবিট কার্ড নিমেষে ব্লক করে দেওয়ার পরও বাঁচানো গেল না কষ্টার্জিত অর্থ! তথ্য ও সই জাল
crime

Table of Contents

    নিউজ ডেস্ক: ক্রেডিট ও ডেবিট কার্ড নিমেষে ব্লক করে দেওয়ার পরও বাঁচানো গেল না কষ্টার্জিত অর্থ! তথ্য ও সই জাল করে ব্যাংকের চোখ এড়িয়ে চারটি নতুন ক্রেডিট কার্ড তুলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সাড়ে সাত লক্ষেরও বেশি টাকা গায়েব করে নিল সাইবার দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই সাইবার জালিয়াতির শিকার হয়েছেন কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার অ্যাভিনিউ সাউথের বাসিন্দা কিংশুক চক্রবর্তী। ঘটনায় লালবাজার সাইবার সেল ও সার্ভে পার্ক থানার যৌথ তদন্ত শুরু হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গিয়েছে, একটি নামী বেসরকারি ব্যাংকের যাদবপুর শাখায় বিগত ১৬ বছর ধরে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে কিংশুকবাবুর। গত ১৮ এপ্রিল আচমকাই তাঁর মোবাইলে একটি মেসেজ আসে, যেখানে দেখা যায় তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। বার্তা পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ব্যাংকে গিয়ে নিজের ক্রেডিট ও ডেবিট কার্ড দুটি সম্পূর্ণ ব্লক করে দেন তিনি।

    অভিযোগকারী জানিয়েছেন, সেদিন বিকেলে বেশ কিছু অচেনা নম্বর থেকে ফোন এলেও তিনি তা ধরেননি। তবে বিপত্তির সেখানেই শেষ নয়। অভিযোগ অনুযায়ী, সেই রাত থেকে পরের দিন সকালের মধ্যে তাঁর ব্যাংকের যাবতীয় গোপনীয় তথ্য ও সই ক্লোন বা ডিজিটাল জালিয়াতি করে ওই অ্যাকাউন্টের বিপরীতে প্রতারকরা সম্পূর্ণ নতুন চারটি ক্রেডিট কার্ড ইস্যু করিয়ে নেয়। এরপর ওই নতুন চার কার্ড থেকে ধাপে ধাপে মোট ৭ লক্ষ ৭৫ হাজার ১০২ টাকা গায়েব করা হয়।

    ঘটনার বিবরণ জানিয়ে ব্যাংকের দ্বারে পৌঁছালে ব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করে যে, কাস্টমারের অজান্তেই সই ও অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে ক্রেডিট কার্ড অনুমোদন করানো হয়েছে। পরবর্তীতে সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গ্রাহক। অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও সাইবার অপরাধের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনা ঘটার পর অভিযোগ জানাতে কিছুটা কেন বিলম্ব হলো, তা খতিয়ে দেখতে অভিযোগকারীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

    No Comments

    তাজা খবর