Homeপূর্ব বর্ধমানবর্ধমানএ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এই প্রথম সর্বমঙ্গলা মন্দিরে, প্রস্তুতি তুঙ্গে

এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এই প্রথম সর্বমঙ্গলা মন্দিরে, প্রস্তুতি তুঙ্গে

resizeplus_eisamay_2026-09-24_g981nj3k_sarbamangalas

নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে প্রস্তুতি। প্রায় ৩০০ বছরের পুরনো এই মন্দিরে এর আগে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো দিতে আসেননি। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্দিরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরকে কেন্দ্র করে বুধবার থেকেই মন্দির চত্বরে শুরু হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং জেলা পুলিশের পদস্থ কর্তারা ইতিমধ্যেই একাধিকবার মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরের বিভিন্ন অংশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার কাজ চলছে। সফরের সময় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিয়েও বিশেষ বিধিনিষেধ থাকবে।

মন্দির ট্রাস্টের সম্পাদক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার পর সাধারণ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ বন্ধ রাখা হবে। ওই দিন দুপুরের ভোগপ্রসাদ বিতরণও বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে মন্দিরে প্রবেশের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

মন্দিরের পুরোহিত অরুণ ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে বরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁকে সীতাভোগ ও মিহিদানা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি মন্দিরের উন্নয়ন সংক্রান্ত কয়েকটি বিষয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার ইচ্ছা রয়েছে মন্দির কর্তৃপক্ষের।

শুক্রবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পুলিশ লাইনের মাঠে একাধিক সরকারি প্রকল্পের সূচনা ও শিলান্যাস করার পাশাপাশি বিভিন্ন পরিষেবা প্রদানের কর্মসূচি রয়েছে। কৃষকদের জন্য বিদ্যুৎ বিল সংক্রান্ত সুবিধা দেওয়ার কর্মসূচিও রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও হুগলি জেলার কৃষকদেরও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।

মুখ্যমন্ত্রীর সফরের সময়সূচি ও তিনি প্রথমে পুলিশ লাইনের অনুষ্ঠানে যাবেন, নাকি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন—তা এখনও চূড়ান্ত হয়নি। আবহাওয়ার পরিস্থিতির উপরও যাতায়াতের মাধ্যম নির্ভর করতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

বর্ধমানের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থল সর্বমঙ্গলা মন্দির। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মন্দিরটি ১৭০২ সালে মহারাজা কীর্তিচাঁদের উদ্যোগে নির্মিত এবং এর সঙ্গে দীর্ঘ ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য জড়িয়ে রয়েছে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তাই এখন সাজসাজ রব মন্দির চত্বরে। নিরাপত্তা থেকে শুরু করে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ—সবদিকেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved