Homeনদিয়ারানাঘাটWe Want Justice’ লেখা ঘুড়িতে বিশ্বকর্মা পুজোয় আকাশে উঠবে আর জি করের প্রতিবাদের বার্তা

We Want Justice’ লেখা ঘুড়িতে বিশ্বকর্মা পুজোয় আকাশে উঠবে আর জি করের প্রতিবাদের বার্তা

নিউজ ডেস্ক ; বিশ্বকর্মা পুজো মানেই নীল আকাশজুড়ে রঙিন ঘুড়ির মেলা। বাড়ির ছাদ থেকে ক্লাবের ছাদ—সকাল থেকেই শুরু হয় আকাশ দখলের লড়াই। তবে এ বছর নদিয়ার ঘুড়ির আকাশে দেখা যেতে
resizeplus_WhatsApp Image 2026-09-16 at 2.37.11 AM

নিউজ ডেস্ক ; বিশ্বকর্মা পুজো মানেই নীল আকাশজুড়ে রঙিন ঘুড়ির মেলা। বাড়ির ছাদ থেকে ক্লাবের ছাদ—সকাল থেকেই শুরু হয় আকাশ দখলের লড়াই। তবে এ বছর নদিয়ার ঘুড়ির আকাশে দেখা যেতে পারে অন্য রকম বার্তাও। ঘুড়ির গায়ে উঠে আসতে পারে ‘We Want Justice’ লেখা। আর জি কর-কাণ্ডকে ঘিরে যে প্রতিবাদ একসময় রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশে আলোড়ন তৈরি করেছিল, সেই আবহেরই প্রতিফলন দেখা যেতে পারে বিশ্বকর্মা পুজোর ঘুড়িতে।

বিশ্বকর্মা পুজোর আর দেরি নেই। আর এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই ঘুড়িপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। লাটাই, সুতো এবং পছন্দের ঘুড়ি নিয়ে তৈরি হচ্ছেন আট থেকে আশি। প্রতিবছরের মতো এবারও নদিয়ার বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ, ক্লাবের ছাদ এবং খোলা জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি চলছে।

বিশ্বকর্মা পুজোর দিন ভোর থেকেই অনেক জায়গায় ঘুড়ির লড়াই শুরু হয়ে যায়। কার ঘুড়ি কতক্ষণ আকাশে টিকে থাকবে, কার সুতোয় কাটা পড়বে প্রতিপক্ষের ঘুড়ি—তা নিয়েই চলে প্রতিযোগিতা। পাড়ায় পাড়ায় এই ঘুড়ির লড়াইকে কেন্দ্র করে তৈরি হয় আলাদা উৎসবের আবহ।

তবে এবার সাধারণ রঙিন ঘুড়ির পাশাপাশি নানা আকৃতির ঘুড়িও নজর কাড়তে পারে। বাংলা ঘুড়ির পাশাপাশি বাজারে রয়েছে ড্রাগন, বক্স, মাছরাঙা, ঈগল, ডলফিন, অক্টোপাস, মৌচাক, কামরাঙা, আগুন পাখি, ফিনিক্স, চিল, জেমিনি, চরকি এবং পাল তোলা জাহাজের মতো বিভিন্ন নকশার ঘুড়ি।

ঘুড়ির পাশাপাশি তার আকার, নকশা এবং গায়ে থাকা বার্তাও এখন ক্রেতাদের আকর্ষণের অন্যতম বিষয়। সেই কারণেই ‘We Want Justice’-এর মতো লেখা বা বার্তাবাহী ঘুড়ি এবারের আকাশে আলাদা নজর কাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

রানাঘাটের ঘুড়ি ব্যবসায়ী রানা দে জানান, প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ধরনের নামী ঘুড়ি সংগ্রহ করেছেন তিনি। রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকেও ঘুড়ি আনা হয়েছে। বিশেষ করে লখনউ ও মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জায়গা থেকে ঘুড়ি সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়ীর কথায়, ঘুড়ির দাম শুরু হচ্ছে প্রায় ১০ টাকা থেকে। নকশা, আকার এবং মান অনুযায়ী সেই দাম বেড়ে ৪০০ টাকা পর্যন্ত পৌঁছচ্ছে। তবে তুলনামূলক দামি এবং বিশেষ ধরনের ঘুড়ির ক্ষেত্রে আগে থেকে অর্ডার দিতে হচ্ছে।

বিশ্বকর্মা পুজোর আগে ঘুড়ির বাজারও জমে উঠতে শুরু করেছে। রানা দে-র দাবি, চলতি বছরে ঘুড়ির বাজার নিয়ে তাঁরা আশাবাদী। পুজোর দিন যত এগিয়ে আসবে, বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নদিয়ার ঘুড়িপ্রেমীদের কাছে বিশ্বকর্মা পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বহু বছরের একটি সামাজিক উৎসবও। পরিবারের ছোট সদস্য থেকে প্রবীণ—সকলেই এই দিনে ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশজুড়ে চলে রঙের খেলা।

এবার সেই পরিচিত ঘুড়ির আকাশেই যদি উঠে আসে কোনও সামাজিক বার্তা, তা হলে উৎসবের পাশাপাশি তা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলেই মনে করছেন স্থানীয়রা। ফলে বিশ্বকর্মা পুজোর দিনে নদিয়ার আকাশে রঙিন ঘুড়ির সঙ্গে ‘We Want Justice’ লেখা ঘুড়ি কতটা নজর কাড়ে, এখন সেদিকেই তাকিয়ে ঘুড়িপ্রেমীরা।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved