Last updated: August 15th, 2026 at 09:42 pm

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পাক সেনার প্রাক্তন জওয়ান তথা আইএসআই (ISI) এজেন্ট রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতারের পর দিন কয়েকের মধ্যেই ফের বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বাংলাদেশ সীমান্তবর্তী উত্তরবঙ্গের কোচবিহারের সাহেবগঞ্জ এলাকা থেকে জঙ্গি ও গুপ্তচর সন্দেহে আরও ৩ জনকে হাতেনাতে পাকড়াও করেছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে ভুয়ো নথিপত্র ব্যবহার করে তোলা ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশ ও পাকিস্তানে পাচার করা হতো নাশকতামূলক কাজের উদ্দেশ্যে।
গোয়েন্দা সূত্রে খবর, কোচবিহার থেকে ধৃত ওই তিন ব্যক্তি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর স্থানীয় লিঙ্ক হিসেবে সক্রিয় ছিল। কেবল ভারতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন ও সংবেদনশীল তথ্য সীমান্ত পার করে দেওয়াই নয়, ধৃতরা ভারতীয় জাল নোট (FICN) চালানের কারবারেও প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে এসটিএফ সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে। হাবড়ায় ধৃত রানা রউফের সঙ্গে এই তিনজনের সরাসরি যোগাযোগ ছিল কি না, তা জানতে তাঁদের যৌথ জেরার প্রক্রিয়া শুরু হয়েছে।
তদন্তকারীদের মতে, গত জুলাই মাসের শেষে বর্ধমান থেকে গ্রেফতার হওয়া হামিম মণ্ডল, তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিংকে জেরা করেই এই বিশাল আন্তঃরাষ্ট্রীয় চক্রান্তের একের পর এক সূত্র উন্মোচিত হয়। অর্পিতাকে ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করে রাজ্য সরকারের একাধিক নেতা-মন্ত্রী, প্রশাসন ও আমলাদের ফাঁদে ফেলে স্পর্শকাতর তথ্য আদায়ের ছক ছিল ওই মডিউলের। ওই চক্রের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের অপর এক মন্ত্রী উমেশ রাই ছিলেন বলেও তদন্তে উঠে আসে। হামিমকে জেরা করেই পরবর্তীতে রানা রউফের খোঁজ পেয়েছিলেন গোয়েন্দারা।
স্বাধীনতা দিবসের মুখে রাজধানী কলকাতা, সীমান্ত শহর বনগাঁ এবং উত্তরবঙ্গের কোচবিহারে এই ধরনের চক্র সক্রিয় হয়ে ওঠার ঘটনায় আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা বলয় ও ভুয়ো পরিচয়পত্র প্রস্তুতকারী চক্রগুলির কাজ খতিয়ে দেখতে জোরদার অনুসন্ধান চালাচ্ছ বেঙ্গল এসটিএফ। ধৃতদের পেছনে কোনো নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের গোপন হাত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments