Last updated: October 2nd, 2026 at 07:52 pm

নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরে বিজেপির মণ্ডল সভাপতিকে ট্র্যাক্টর চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির তিন নম্বর মণ্ডলের সভাপতি সুজিত হালদার। তাঁর অভিযোগ, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁকে লক্ষ্য করে ট্র্যাক্টর চালানো হয়েছিল।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্কুটারে চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুজিত। তাঁর দাবি, গঙ্গা পেরিয়ে বেথুয়াডহরির দিকে যাওয়ার সময় একটি ট্র্যাক্টর তাঁকে অনুসরণ করতে শুরু করে। পরে নিমদহের ছাতনি এলাকায় ট্র্যাক্টরটি তাঁর স্কুটারে ধাক্কা মারে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পরিবারের তরফে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে একটি স্কুটারের পিছনে একটি ট্র্যাক্টরকে যেতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই ঘটনার তদন্তের দাবি উঠেছে। তবে ফুটেজের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
হাসপাতালে চিকিৎসাধীন সুজিতের অভিযোগ, বিজেপিরই প্রাক্তন মণ্ডল সভাপতি অতুলচন্দ্র দাস-সহ কয়েকজনের সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ চলছিল। একটি সরকারি জমি দখলমুক্ত করার কাজে প্রশাসনকে সহযোগিতা করার পর থেকেই তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল বলেও দাবি তাঁর।
তবে সুজিতের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অতুলচন্দ্র দাস। তাঁর বক্তব্য, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসার দাবি জানিয়েছেন। মানুষ মারার রাজনীতি তিনি করেন না বলেও জানিয়েছেন অতুলচন্দ্র।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুজিতের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন পূর্বস্থলী উত্তরের বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, সিসিটিভি ফুটেজ দেখে যদি সন্দেহজনক কিছু মনে হয়, তা হলে অবশ্যই তদন্ত করা প্রয়োজন।
এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে আপাতত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা—এই প্রশ্নের উত্তর তদন্তের দিকেই তাকিয়ে।
পূর্বস্থলীর এই ঘটনায় রাজনৈতিক বিরোধের অভিযোগ কতটা সত্য, সিসিটিভি ফুটেজে আসলে কী ধরা পড়েছে এবং পুলিশের তদন্তে কী তথ্য সামনে আসে—এখন সেদিকেই নজর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments